কূটনৈতিক প্রতিবেদক
মধ্যপ্রাচ্যে সহিংস সঙ্ঘাতে নিরপরাধ বেসামরিক বাংলাদেশীদের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আক্রমণ এবং ইরানের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এ পর্যন্ত মোট চারজন বাংলাদেশী নিহত হয়েছেন। এর মধ্যে সৌদি আরবে দু’জন, সংযুক্ত আরব আমিরাতে একজন এবং বাহরাইনে একজন বাংলাদেশী নিহত হয়েছেন।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের আল-খার্জ গভার্নরেটে গত রোববারের বিমান হামলায় দুই বাংলাদেশী নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় সরকার গভীরভাবে শোকাহত। নিহতরা হলেনÑ কিশোরগঞ্জ জেলার কটিয়াদির বাসিন্দা বাচ্চু মিয়া এবং টাঙ্গাইল জেলার শাখিপুরের বাসিন্দা মোশাররফ হোসেন। আহত বাংলাদেশীরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা আহতদের দেখতে হাসপাতালে গেছেন। নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে সৌদি কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, সরকার নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে। বাংলাদেশ সঙ্ঘাত সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। একই সাথে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে এবং আরো হতাহত রোধে জরুরি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে।
সরকার মধ্যপ্রাচ্যে বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।



