নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসাথে তাকে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দ দিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেয়া হয়েছে। সারোয়ার আলমগীরের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গতকাল মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো: আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। শুনানি শেষে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম জানান, উচ্চ আদালতের এই আদেশের ফলে সারোয়ার আলমগীরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনি বাধা নেই।
উল্লেখ্য, এর আগে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও জামায়াত প্রার্থীর করা ঋণখেলাপির এক অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৮ জানুয়ারি ইসি তার প্রার্থিতা বাতিল করেছিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ১৯ জানুয়ারি হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর। নির্বাচন কমিশনের আইনজীবী মো: রাজু মিয়া জানিয়েছেন, আদালতের এই আদেশ ইসিকে অবহিত করা হবে এবং সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
নির্বাচনকালীন ছুটি : এ দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটারদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সরকার ঘোষিত নির্বাহী আদেশের সাথে সঙ্গতি রেখে প্রধান বিচারপতির অনুমোদনক্রমে এই ছুটি ঘোষণা করা হলো। এর আগে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশে সাধারণ ছুটি এবং শিল্পাঞ্চলের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করেছিল।



