চট্টগ্রাম ব্যুরো
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অনেকটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে দক্ষিণ চট্টগ্রামের আসনগুলোর ভোটগ্রহণ। সকাল বেলা চট্টগ্রাম-১৬ আসনের (বাঁশখালী) সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম উচ্চবিদ্যালয়ে দেখা যায় ধর্মরাজ দে নামে শতবর্ষী এক অশীতিপর বৃদ্ধ ভোট দিতে এসেছেন। ভোটার আইডি কার্ড ঘেঁটে দেখা গেছে তার বয়স এখন ১০৯ বছর। স্বজনদের সহযোগিতায় তিনি ভোট দিতে এসেছিলেন।
এ সময় কেন্দ্র পরিদর্শনে আসেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। তিনি সাংবাদিকদের বলেন, এ বার মানুষের মধ্যে ভোট দেয়ার যে আগ্রহ, যে আকুতি, আমার মনে হয় না কোনো ভোটকেন্দ্রে দুষ্কৃতকারী কিছু করতে পারবে, মানুষই তাদেরকে ঠেকিয়ে দিবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনী তো আছিই।
এ দিকে চট্টগ্রাম-১৫ আসনের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুরদুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ছিলো বোরকাপরা নারীদের উপস্থিতিতে ভরা। এভাবে সাতকানিয়া-লোহাগাড়ার প্রায় সবকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। কোনো কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-১৪ দু’টি ভোটকেন্দ্রে ভোটারদের লাইনে উপস্থিতি না থাকলেও বুথের ভেতরে বহিরাগতদের অস্বাভাবিক আনাগোনা লক্ষ করা গেছে। উপস্থিতদের কেউ নিজেদের ভোটার দাবি করেছেন, আবার কেউ ভোটারদের সাথে এসেছেন বলে জানিয়েছেন।



