নবীন চৌধুরী ধামরাই (ঢাকা)
ধানের জমির আইল সাধারণত অব্যবহৃত পড়ে থাকলেও সেই জায়গাকে কাজে লাগিয়ে বাড়তি আয়ের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের শূলধন এলাকার কৃষক আলী আজম। বোরো ধানের জমির আইলে মরিচ চাষ করে তিনি এলাকায় চমক সৃষ্টি করেছেন।
ধামরাই উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ‘পার্টনার’ প্রকল্পের আওতায় আলী আজম ও কৃষক সিরাজ উদ্দিন এই উদ্যোগ গ্রহণ করেন। ধানের পাশাপাশি আইলে মরিচ চাষের ফলে জমির ফাঁকা জায়গার সঠিক ব্যবহার নিশ্চিত হচ্ছে, পাশাপাশি বাড়ছে অতিরিক্ত আয়ও।
সরেজমিন দেখা গেছে, ধানের জমির চারপাশের আইলে সারিবদ্ধভাবে লাগানো মরিচ গাছে ইতোমধ্যে ভালো ফলন এসেছে। এ পর্যন্ত প্রায় তিন থেকে চার হাজার টাকার মরিচ বিক্রি করেছেন আলী আজম। মৌসুম শেষে আরো ২০ থেকে ২৫ হাজার টাকার মরিচ বিক্রির আশা করছেন তিনি।
কৃষক আলী আজম বলেন, ‘ধানের আইল আগে খালি পড়ে থাকত। কৃষি অফিসের পরামর্শে সেখানে মরিচ চাষ শুরু করি। এখন ভালো ফলন পাচ্ছি। ইতোমধ্যে কিছু মরিচ বিক্রি করেছি, সামনে আরো ভালো আয় হবে বলে আশা করছি।’
তিনি জানান, মরিচের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজিও চাষ করছেন তিনি।
ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমান বলেন, ‘পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে উদ্বুদ্ধ করা হচ্ছে। ধানের আইলে মরিচ ও অন্যান্য সবজি চাষ করলে কৃষকরা অতিরিক্ত আয় করতে পারেন। এতে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় এবং কৃষকের আর্থিক অবস্থার উন্নতি ঘটে।’
তিনি বলেন, এ পদ্ধতিতে চাষাবাদ করলে ধানের জমিতে ইঁদুরের উপদ্রবও কমে আসে।



