কূটনৈতিক প্রতিবেদক
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
লন্ডনের স্থানীয় সময় গত রোববার ল্যাঙ্কাস্টার হাউজে আয়োজিত ২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান। কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা।
অধিবেশনে খলিলুর রহমান মিয়ানমার থেকে আসা ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার ফলে বাংলাদেশের ওপর যে অসহনীয় বোঝা তৈরি হয়েছে, তার চিত্র তুলে ধরে বলেন, এখনো নতুন করে রোহিঙ্গারা আসছে। অথচ তাদের জন্য মানবিক সহায়তা ক্রমেই কমে আসছে। এটি উদ্বেগজনক।
সম্মেলনে খলিলুর রহমান জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান অর্থনৈতিক অনিশ্চয়তার মতো অস্তিত্ব সঙ্কটের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সুনির্দিষ্ট ও কার্যকর পদপে গ্রহণের আহ্বান জানান।
সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা বেশ কয়েকটি দ্বিপাকি বৈঠক করেন। ব্রিটেনের পররাষ্ট্র ও কমনওয়েলথবিষয়ক মন্ত্রী ইভেট কুপারের সাথে বৈঠকে দুই দেশের দ্বিপাকি স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া কানাডার পার্লামেন্টারি সেক্রেটারি রবার্ট অলিফ্যান্ট, দণি আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী আলভিন বোটেস, অ্যান্টিগুয়া ও বারমুডার পররাষ্ট্রমন্ত্রী চেট গ্রিন এবং ঘানার পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল ওকুদজেতো অ্যাবাকওয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধি প্রধানদের সাথে তারা আনুষ্ঠানিক বৈঠক করেন। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আলোচনার পাশাপাশি জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন চান খলিলুর রহমান।


