সুমন আহমেদ মতলব উত্তর (চাঁদপুর)
সাধারণ মানুষের দোরগোড়ায় জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকারিভাবে চালু করা মোবাইলভিত্তিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কার্যত অকার্যকর হয়ে পড়েছে। প্রচারণার অভাব ও দায়িত্বশীলদের উদাসীনতায় চার লাখের বেশি মানুষের এই উপজেলায় অধিকাংশ বাসিন্দাই জানেন না এমন কোনো সেবা চালু রয়েছে। বিস্ময়করভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাও এ কার্যক্রম সম্পর্কে অবগত নন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজন কুমার দাস বলেন, তার স্বাস্থ্য কমপ্লেক্সে মুঠোফোনে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা গেলে এলাকাবাসী উপকৃত হতো। পরে জানা যায়, তার কর্মস্থলেই বহু আগে থেকে এ কার্যক্রম চালু রয়েছে। বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি মতিউর রহমান চৌধুরী।
জানা গেছে, ২০০৯ সালের মে মাসে সরকার দেশের ৪১৮টি জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুঠোফোনে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করে। মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এ সেবা চালু রয়েছে। নিয়ম অনুযায়ী, একটি নির্দিষ্ট মোবাইল নম্বরের মাধ্যমে ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসা পরামর্শ দেয়ার কথা। সংশ্লিষ্ট নম্বরটি হলো ০১৭৩০-৩২৪৮৩৫। সরকারি নির্দেশনা অনুযায়ী নম্বরটি জনসমাগমস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রচারের কথা থাকলেও বাস্তবে কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে চরাঞ্চলসহ উপজেলার বিভিন্ন এলাকার মানুষ এ সেবা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত।
সরেজমিন ঘনিয়ারপাড়, ছেংগারচর, ফরাজীকান্দি, একলাশপুর, মোহনপুর, ষাটনল ও বাগানবাড়ি এলাকায় কথা বলে জানা যায়, অধিকাংশ মানুষই এমন কোনো স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে জানেন না। স্থানীয় বাসিন্দারা জানান, প্রচারণা থাকলে জরুরি সময়ে এ সেবা অনেক উপকারে আসত।
অভিযোগ রয়েছে, জনসেবার পরিবর্তে মুঠোফোনটি মূলত হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ যোগাযোগে ব্যবহৃত হচ্ছে। হাসপাতালের জরুরি বিভাগে এ সংক্রান্ত রেজিস্টার থাকার কথা থাকলেও তা দেখাতে পারেননি সংশ্লিষ্টরা।
তবে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের পরিচালক ডা: মাহবুবুর রহমান বলেন, জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই মুঠোফোনভিত্তিক জরুরি স্বাস্থ্যসেবা চালু রয়েছে এবং এটি সাধারণ মানুষের জন্য অত্যন্ত কার্যকর উদ্যোগ।



