সবচেয়ে দামি গরু

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

‘কী ভাই কত নিল?’ কোরবানির সময়ে গরুর দাম হচ্ছে সবচেয়ে আলোচিত টপিক। একটা গরুর দাম কত হতে পারে? খুব বেশি হলে ৫০-৬০ লাখ বা বড়জোর এক কোটি; এটাই সাধারণ ধারণা। কিন্তু ব্রাজিলের একটি গরু সেই ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে।

ভিয়াতিনা-১৯ এফআইভি মারা ইমোভেইস নামের এই নেলোর জাতের গরুর মূল্য কত জানেন কি? প্রায় ৪.৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫.৯ কোটি টাকার সমান। ইতোমধ্যেই এটি বিশ্বের সবচেয়ে দামি গরু হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে।

ভিয়াতিনা-১৯ শুধু দামি বলেই আলোচনায় নয়, এর শারীরিক গঠনও অবিশ্বাস্য। গরুটির ওজন ১,১০০ কেজির বেশি, যা সাধারণ নেলোর জাতের গরুর তুলনায় প্রায় দ্বিগুণ। চকচকে সাদা শরীর, শক্তিশালী পেশি এবং নিখুঁত শারীরিক গঠন একে আলাদা করেছে অন্য সব গরু থেকে।

নেলোর জাতের গরুর উৎপত্তি মূলত ভারতে হলেও বর্তমানে ব্রাজিলে এদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। গরম আবহাওয়ায় সহজে টিকে থাকা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং দ্রুত বেড়ে ওঠার কারণে এই জাতটি বিশ্বের গবাদিপশু শিল্পে বিশেষ গুরুত্ব পায়।

বিশেষজ্ঞদের মতে, ভিয়াতিনা-১৯-এর আসল মূল্য তার জিনগত বৈশিষ্ট্যে। উন্নত মানের বাছুর উৎপাদনের জন্য এর ডিম্বাণু সংগ্রহ করে ভ্রূণ তৈরি করা হয়। শুধু সেই সুযোগ পেতেই খামারিরা লাখ লাখ ডলার খরচ করতে রাজি হন। অর্থাৎ, এই গরু শুধু একটি প্রাণী নয়, বরং ভবিষ্যতের উন্নত গবাদিপশু উৎপাদনের এক মূল্যবান জেনেটিক বিনিয়োগ।