সিলেট ব্যুরো
সিলেটের জৈন্তাপুর উপজেলার নয়নাভিরাম ‘লাল শাপলা বিল’ খ্যাত ডিবির হাওরকে পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। পর্যটকদের সুবিধা ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ বাড়াতে বিলের চারপাশে ওয়াকওয়ে, রাত্রিযাপনের জন্য ছোট কটেজ ও বিশ্রামাগার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বর্তমানে যুক্তরাষ্ট্র সফররত মন্ত্রী গত শুক্রবার নিউ ইয়র্কে বাঙালি কমিউনিটির একটি অনুষ্ঠানে এই উন্নয়ন পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, শাপলা বিলের চারপাশে ওয়াকওয়ে এবং কটেজ নির্মাণের কাজ শুরু হয়েছে। পর্যটকরা যাতে সেখানে রাতযাপন করে ভোরের স্নিগ্ধ লাল শাপলার সৌন্দর্য উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। পাশাপাশি বিলটি সুরক্ষিত রাখার ব্যবস্থাও নেয়া হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আবাসন ও যাতায়াত সুবিধার উন্নয়ন হলে এবং পরিকল্পনা বাস্তবায়ন হলে ডিবির হাওর দেশের অন্যতম শীর্ষ পর্যটন গন্তব্যে পরিণত হবে। জৈন্তাপুরে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে এই শাপলা বিলের অবস্থান। মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত ডিবির হাওর, ইয়াম, হরফকাটা ও কেন্দ্রী বিল; এ চারটি বিল ঘিরেই শাপলার সাম্রাজ্য। এ কারণেই এ বিলের নাম হয়েছে শাপলার বিল। প্রতি বছর শীতের মৌসুমে হাজার হাজার পর্যটক বিলের সৌন্দর্য দেখতে ভিড় করেন। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে আগতদের দুর্ভোগ পোহাতে হয়। এ প্রসঙ্গে মন্ত্রী জানান, চেঙেরখালের তীরে রাতারগুল সংলগ্ন ক্ষতিগ্রস্ত রাস্তাটির সংস্কার কাজও দ্রুত শেষ করা হবে।



