ক্রীড়া ডেস্ক
ফ্রান্স লিগ ওয়ানে আবার শিরোপা জয় করল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গত মৌসুমে ছয় ম্যাচ বাকি থাকতে লিগ শিরোপা নিশ্চিত হলেও চলতি মৌসুমে এই স্বাদ পেয়েছে এক ম্যাচ হাতে রেখে। টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লেন্সকে তাদেরই মাঠে ২-০তে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কোচ লুইস এনরিকের দল। এ নিয়ে টানা পঞ্চমবার ফরাসি ফুটবলের শীর্ষ লিগের ট্রফি ঘরে তুলল পিএসজি। আর সবশেষ ১৪ আসরের ১২বারই শিরোপা জয় করল প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। লিগ ট্রফি এ নিয়ে ১৪তম বারের মতো জিতল পিএসজি।
শিরোপা নিশ্চিত করতে গত পরশু স্রেফ এক পয়েন্ট দরকার ছিল পিএসজির। নিজেদের মাঠে তাদের জন্য কাজটি কঠিন করে তোলার চেষ্টা করে লেন্স। একের পর এক আক্রমণে সফরকারীদের কোণঠাসাও করে রাখে তারা। আক্রমণের ঝড় সামলে ২৯ মিনিটে খাভিচা কাভারাসখেলিয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। আর নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইব্রাহিম এমবায়ে। মৌসুমজুড়ে চ্যাম্পিয়নদের তাড়া করা লেন্স এই পরাজয়ে ৩৩ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। সমান ম্যাচে শিরোপা নিশ্চিত করা পিএসজির পয়েন্ট ৭৬।
স্প্যানিশ কোচ এনরিকে ২০২৩ সালে কোচের দায়িত্ব নেয়ার পর এটি তাদের তৃতীয় লিগ শিরোপা। ফ্রেঞ্চ সুপার কাপ ও লিগজয়ী পিএসজির চলতি মৌসুমেও ‘ট্রেবল’ জয়ের সামনে দাঁড়িয়ে।
এদিকে স্প্যানিশ লিগে চ্যাম্পিয়ন বার্সালোনা ০-১ এ হেরেছে আলাভেজের কাছে। আর ইংলিশ লিগে ক্রিস্টাল প্যালেসকে ২-০ হারিয়ে শিরোপার রেসে ম্যানসিটি।



