ক্রীড়া ডেস্ক
ইবোলা সংক্রমণের আশঙ্কায় স্পেনের একটি প্রীতিম্যাচ বাতিল করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর লা-লিনিয়ার মেয়র জুয়ান ফ্রাঙ্কো আগামী ৯ জুন নির্ধারিত ডি আর কঙ্গো ও চিলির মধ্যকার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ আয়োজন নিষিদ্ধ ঘোষণা করেন।
মেয়র জানান, এটি একটি ‘সতর্কতামূলক পদক্ষেপ’ এবং স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পৌরসভার স্বাস্থ্য বিভাগের প্রধানও সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ করে ম্যাচ আয়োজনের বিপক্ষে মত দেন। সম্প্রতি ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলার প্রাদুর্ভাব দেখা দেয়ায় দলটি নিজ দেশে প্রস্তুতি ক্যাম্প বাতিল করে বেলজিয়ামে অবস্থান করছে। তারা আগামী বুধবার বেলজিয়ামের লিয়েজে ডেনমার্কের বিপক্ষে একটি প্রীতিম্যাচ খেলবে। উল্লেখ্য, ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ডি আর কঙ্গো। তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে দলটিকে ২১ দিনের আইসোলেশনে থাকতে হবে বলে জানানো হয়েছে। আগামী ১৭ জুন হিউস্টনে তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ পর্তুগাল।



