ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশের ফাজিল (অনার্স) কোর্স হিসেবে ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ৪০তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের দু’জন প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খোদেজা খাতুন, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো: নুরুল হক, বাংলাদেশ মাদরাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটর অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হকসহ সিন্ডিকেটের অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
ভিসি বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে মাদরাসাগুলোতে যোগ্য আলেম তৈরির পাশাপাশি দক্ষ নাগরিক তৈরির পরিকল্পনা রয়েছে। তাই বর্তমানে ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে অধ্যায়ন করে শিক্ষার্থীরা ব্যাংকিং জগতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
উল্লেখ্য, বর্তমানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ছয়টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। কোর্সগুলো হলো- আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং আল ফিকাহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। বিজ্ঞপ্তি।



