কূটনৈতিক প্রতিবেদক
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঢাকা সফরের অপেক্ষায় রয়েছেন।
গত বছর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার সাথে তার বৈঠকের কথা স্মরণ করে ইসহাক দার আশা প্রকাশ করেন, ঢাকায় নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত হবে। জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাহী কমিটির জরুরি সভার সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাতে ইসহাক দার এই অভিমত ব্যক্ত করেন। নির্বাহী কমিটির সভায় বাংলাদেশ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড দখলের লক্ষে ইসরাইলের সাম্প্রতিক ভূমি আইনের তীব্র নিন্দা জানিয়েছে। ড. খলিলুর রহমান গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
ওআইসি সভার সাইডলাইনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ছাড়াও বেশ কয়েকটি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধির সাথে খলিলুর রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। এর মধ্যে রয়েছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এ এলখরেইজি, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাক্লিকায়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. ভারসেন ওহানেস ভার্তান আগাবেকিয়ান ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদু এনজি। তারা সদ্যসমাপ্ত নির্বাচনে বিএনপির বিপুল বিজয় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশে দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং উন্নয়ন ত্বরান্বিত হবে। ফিলিস্তিনের স্বার্থে তারা বাংলাদেশের অবিচল প্রতিশ্রুতির প্রশংসা করেন। জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদের জন্য প্রতিনিধিরা বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান এ পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে ড. খলিলুর রহমানকে মনোনয়ন দিয়েছেন। নির্বাচনে জয় পেতে তিনি সমন্বিত কূটনৈতিক তৎপরতা চালানোর নির্দেশনাও দিয়েছেন।
তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী কুলাকলিকায়া তুরস্ক ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দুই দেশের সম্পর্ক বিভিন্ন খাতে ধারাবাহিকভাবে সম্প্রসারিত হবে। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা ও সমর্থন দেয়ার জন্য তুরস্ককে ধন্যবাদ জানান খলিলুর রহমান। উভয়পক্ষ এ সমস্যার দ্রুত সমাধানের জন্য একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
খলিলুর রহমান রমজানের পর বাংলাদেশ সফরের জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান অদূর ভবিষ্যতে একটি সুবিধাজনক সময়ে সৌদি আরব সফর করবেন বলে আশা প্রকাশ করেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এলখারেইজি। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে রিয়াদ সফরের আমন্ত্রণ জানান। খলিলুর রহমান বলেন, বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগের গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। উভয়পক্ষই এ সম্ভাবনাকে কাজে লাগাতে একযোগে কাজ করাতে সম্মত হন।
ওআইসি সচিবালয়ের কার্যকারিতা বাড়াতে বড় ধরনের সংস্কার গ্রহণে বাংলাদেশের সহায়তা অনুরোধ জানান সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে খলিলুর রহমান ফিলিস্তিনি জনগণের স্বার্থে বাংলাদেশের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এ ইস্যুর একমাত্র সমাধান হলো ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্ত এবং পূর্ব জেরুসালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জোরালো ও ধারাবাহিক সমর্থনের প্রশংসা করেন।
খলিলুর রহমান রোহিঙ্গা গণহত্যার জন্য মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়েরসহ মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীটির স্বার্থে গাম্বিয়া সরকারের অব্যাহত সক্রিয় সমর্থনের জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী এনজিকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য গাম্বিয়ার গুরুত্বপূর্ণ কাজে সমর্থন দিতে বাংলাদেশ প্রস্তুত। চলতি বছরের এপ্রিলে বাগদাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে একটি অনুষ্ঠান আয়োজনে উভয়পক্ষসম্মত হয়েছে।
দ্বিপক্ষীয় বৈঠকগুলোর সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ফরহাদ হোসেন এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ উপস্থিত ছিলেন।



