সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

নোয়াখালী কারাগারে হাজতির মৃত্যু

নোয়াখালী জেলা কারাগারে বন্দী হুমায়ুন কবির ওরফে মাঈনউদ্দিন (৩৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের মৃত সোলেমান মিয়ার ছেলে। চুরির একটি মামলায় তিনি নোয়াখালী জেলা কারাগারে আটক ছিলেন। গত শুক্রবার বিকেলে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কারা কর্তৃপক্ষ জানায়, শুক্রবার জুমার নামাজের আগে হুমায়ুন হঠাৎ বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে প্রথমে কারা মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে বেলা সাড়ে ৩টার দিকে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। গত ১৯ এপ্রিল চাটখিল থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। মৃতের স্বজনদের অভিযোগ, কারাগারে অসুস্থ হওয়ার পর তাকে যথাসময়ে উন্নত চিকিৎসা দেয়া হয়নি, কর্তৃপক্ষের অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে জেল সুপার দাবি করেন, ওই হাজতি কারাগারে আসার আগেই পাবলিক অ্যাসাল্টের শিকার হয়েছিলেন। নোয়াখালী অফিস।

৩০ লাখ টাকার গাঁজাসহ কারবারি গ্রেফতার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজাসহ সোহান হোসেন (৩৪) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গতকাল শনিবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার গোলাম বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত সোহান ঢাকার বংশাল থানার কসাইটুলি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। র‌্যাব জানায়, র‌্যাব-১০-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে এই বিশাল পরিমাণ গাঁজা উদ্ধার করে। আটক ব্যক্তির কাছ থেকে একটি ফোন, মাদক বিক্রির নগদ ১২ হাজার ৯৫০ টাকা এবং ৪১টি প্লাস্টিকের বস্তাভর্তি রাবার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সোহান দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। উদ্ধারকৃত মাদকসহ আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঢাকা জেলা প্রতিনিধি।

মাদকাসক্ত যুবককে কারাদণ্ড

চট্টগ্রামের বাঁশখালীতে মাদকাসক্ত হয়ে মা-বাবার ওপর নির্মম নির্যাতন ও পরিবারে দীর্ঘদিনের অশান্তি সৃষ্টির দায়ে জমীর উদ্দীন (২৫) নামের এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়ায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন। দণ্ডপ্রাপ্ত জমীর উদ্দীন স্থানীয় নুরুল আলমের ছেলে। জানা গেছে, জমীর মাদকাসক্ত হয়ে মাদকের টাকার জন্য প্রায়ই বাড়িতে বাবা-মায়ের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন। ভ্রাম্যমাণ আদালত চলাকালীন ছেলের এমন অন্যায়ের বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী বৃদ্ধ বাবা। নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন জানান, মাদক সেবন করে পরিবারে চরম অশান্তি সৃষ্টি করার সময় জমীর উদ্দীনকে হাতেনাতে ধরে মোবাইল কোর্টের মাধ্যমে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডাদেশের পর তাকে আইনি প্রক্রিয়ায় জেলহাজতে পাঠানো হয়। বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা।

প্রবাসীর বাড়িতে ঢুকে হত্যা

সিলেটের গোয়াইনঘাটে গভীর রাতে ওমান প্রবাসী আম্বিয়া আহমদের বসতঘরে ঢুকে তার মা দিলারা বেগমকে (৫৪) চাকুর আঘাতে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার ভোররাত ৩টার সময় উপজেলার বীরমঙ্গল হাওর মাটিকাঁপা গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। সূত্র জানায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দিলারা বেগমের নাতনী হাবিবা আক্তারকে (১৪) অপহরণ বা ধর্ষণের চেষ্টা চালায়। হাবিবার চিৎকারে তার মা সাজনা বেগম ও দাদী দিলারা বেগম এগিয়ে এলে দুর্বৃত্তরা ধারালো ছুরি নিয়ে তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে হাবিবা ও তার মাকে গুরুতর জখম করার পর, দাদী আটকাতে গেলে তার বুকের ডান পাশে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই দিলারা বেগমের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় নাতনী হাবিবাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং খুনিদের গ্রেফতারে জোর অভিযান চালাচ্ছে। গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা।

সীমান্তে ইয়াবাসহ যুবক আটক

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ সাগর (২০) নামের এক বাংলাদেশী যুবককে আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। গত শুক্রবার বিকেলে উপজেলার বীরেন্দ্রনগর বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করে। আটক সাগর উপজেলার টেকেরঘাট সংলগ্ন বড়ছড়া গ্রামের রহম আলীর ছেলে। বিজিবি জানায়, সাগর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে। পরবর্তী সময়ে মোটরসাইকেলে এক হাজার ৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট নিয়ে বাংলাদেশে ফেরত আসার সময় বিজিবির বিশেষ টহল দলের সামনে পড়ে। বিজিবির হিসাব মতে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য পাঁচ লাখ ৬৭ হাজার টাকা এবং মোটরসাইকেল ও হেলমেটসহ মোট সিজার মূল্য ছয় লাখ ৬৮ হাজার টাকা। আটক আসামিকে ইয়াবাসহ তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা।

ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

টাঙ্গাইলের ধনবাড়ীতে রফিকুল ইসলাম (৪৫) নামের এক মুদি ও গবাদিপশু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের জামতলী ফকিরবাড়ী এলাকার নিজ গোয়ালঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রফিকুল ওই এলাকার মৃত মহর উদ্দিনের ছেলে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি, এটি সাধারণ কোনো আত্মহত্যা নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। নিহতের ভাই ও ছেলের অভিযোগ, দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগমের সাথে রফিকুলের দীর্ঘদিনের পারিবারিক কলহ চলছিল। তাদের ধারণা, ওই কলহের জেরেই তাকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। অন্য দিকে স্ত্রী রেহেনা বেগম জানান, রফিকুল রাতে দোকান থেকে বাড়ি ফেরেননি। ধনবাড়ী থানার ওসি নূরুল ইসলাম সিদ্দিক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা।

মাদকাসক্ত ছেলের হাতে বাবা নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেয়াকে কেন্দ্র করে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পরপরই জোরারগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত ছেলে ইব্রাহিম হোসেন মিলনকে (৩৫) আটক করেছে। নিহত বৃদ্ধের নাম আবু আহমদ ডিলার (৭০)। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। ঘটনার সময় স্বামীকে বাঁচাতে গিয়ে মিলনের হামলায় মা জরিনা বেগমও গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয়রা জানায়, মিলন দীর্ঘদিন ধরে মাদকাসক্তির কারণে বেপরোয়া জীবনযাপন করছিলেন। শুক্রবার রাতে নিজ বাড়িতে মাদক সেবন নিয়ে বাবার সাথে তার প্রচণ্ড বাগি¦তণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিলন লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও লাথি মেরে বাবাকে গুরুতর আহত করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা।