নয়া দিগন্ত ডেস্ক
গতকাল মোটামুটি শান্তিপূর্ণভাবেই সারা দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ দিন দেশের বিভিন্ন স্থানে বিএনপির এক নেতা, এক প্রিজাইডিং কর্মকর্তা, এক পোলিং কর্মকর্তাসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ভোটকেন্দ্রে গিয়ে, কেউ ভোট দিয়ে ফেরার পথে এবং কেউ কেন্দ্রে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন। কোথাও মৃত্যুকে ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগও উঠেছে।
বিএনপি নেতার মৃত্যু : খুলনায় ভোটকেন্দ্রে গিয়ে মহানগর বিএনপি নেতা মহিবুজ্জামান কচি (৬০) মারা গেছেন। গতকাল সকাল ৯টার দিকে খুলনা আলিয়া মাদরাসার ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটেছে। মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দফতর সম্পাদক ছিলেন।
মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান বলেন, মহিবুজ্জামান কচি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালেই খুলনা আলিয়া মাদরাসা কেন্দ্রে ভোট দিতে যান। সকাল থেকেই সেখানে উত্তেজনা ছিল। মাদরাসার অধ্যক্ষ আবদুর রহিম জামায়াতের প্রচারণায় ছিলেন। তাকে বাধা দিলে তিনি ও সহযোগীরা মহিবুজ্জামান কচিকে ধাক্কা দেন। এতে কচি গাছের সাথে মাথায় আঘাত পান। পরে বেসরকারি একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে অধ্যক্ষ আবদুর রহিম মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তবে জামায়াতের কেন্দ্র পরিচালক মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, আমাদের নারীকর্মীদের বিএনপির লোকজন বের করে দিচ্ছিলেন। আমি বাধা দিই। তখন তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন। পরে শুনি তিনি মারা গেছেন। কাউকে ধাক্কা বা মারধরের ঘটনা ঘটেনি।
পোলিং কর্মকর্তার মৃত্যু : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কাচারিপাড়া এলাকায় সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তন ভোটকেন্দ্রে সকাল ৮টার দিকে অজ্ঞান হয়ে পড়েন ২ নম্বর বুথের পোলিং কর্মকর্তা মো: মুজাহিদুল ইসলাম (৪৮)। পরে লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি সরাইল উপজেলার পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ছিলেন।
ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শামীম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি কর্মরত অবস্থায় মাটিতে পড়ে যান। পরে হাসপাতালে নেয়া হলে মারা যান।
ভোটকেন্দ্রে যাওয়ার পথে মৃত্যু : সাতক্ষীরার তালা উপজেলায় ভোট দেয়ার জন্য বের হয়ে রাস্তায় অসুস্থ হয়ে মারা গেছেন অনাথ ঘোষ (৬৫) নামে এক ব্যক্তি। গতকাল সকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিহারা গ্রামে এ ঘটনা ঘটে।
ভাতিজা জয়দেব ঘোষ বলেন, কাকা সকালে নাশতা শেষে ভোট দেয়ার জন্য বাড়ি থেকে সকাল সাড়ে ৮টার দিকে বের হন। তিনি মাছিহারা প্রাইমারি স্কুলে ভোটকেন্দ্রে ভোট দিতে যাচ্ছিলেন। পথে পাঁচমাথা নামক স্থানে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাইনে দাঁড়িয়ে মৃত্যু : চট্টগ্রাম-৯ আসনের বাটালি রোডের কাজীর দেউড়ি পেয়ার মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে মো: মনু মিয়া (৫৭) নামে একজন মারা গেছেন। তিনি একটি প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।
চাচা ফজল কবির বলেন, মনু মিয়ার ভোট দেয়ার খুব ইচ্ছা ছিল। ভোটারের লাইনে দাঁড়িয়েও ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ভোট দেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
তাড়া খেয়ে মৃত্যু : কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় রাজ্জাক মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, ভোট দিয়ে বের হওয়ার পর কেন্দ্রসংলগ্ন স্থানে বসে ছিলেন রাজ্জাক মিয়া। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে লোকজনকে সরিয়ে দেয়ার জন্য লাঠিপেটা করেন। তাড়া খেয়ে দৌড়ে পালানোর সময় রাজ্জাক মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কিশোর কুমার ধর বলেন, রাজ্জাক মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিকভাবে হৃদ্থরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মানিকগঞ্জে একজনের মৃত্যু : মানিকগঞ্জে ভোট দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন এক ভোটার। বেলা সোয়া ১১টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই ঘটনা ঘটে। মৃতের নাম বাবু মিয়া (৭০)। পেশায় ভ্যানচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শী এবং কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, সকালে ভোট দিতে কেন্দ্রে আসেন বাবু মিয়া। চারদিকে ছিল উৎসবমুখর পরিবেশ। ভিড়ের মধ্যেই শান্তভাবে ভোটার স্লিপ সংগ্রহ করে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
ভোট দিয়ে ফেরার পথে মৃত্যু : গাইবান্ধার সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দিয়ে ফেরার পথে বাছের চৌধুরী (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাছের চৌধুরী ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে প্রায় ৫০০ গজ দূরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু : ঢাকার যাত্রাবাড়ীর একটি কেন্দ্রে সকালে ভোট দিতে গিয়ে আবু সাঈদ সরকার (৫৩) নামে সাবেক এক মেরিন ইঞ্জিনিয়ার মারা গেছেন।তিনি সপরিবারে রাজধানীর মানিকনগরে থাকতেন।
স্ত্রী প্রীতি ইসলাম ওরফে পারভীন জানান, আবু সাঈদ সকালে ঘুম থেকে উঠে ছোট ছেলেকে নিয়ে নিয়ে যাত্রাবাড়ীর অগ্রদূত বিদ্যা নিকেতন স্কুল কেন্দ্রে ভোট দিতে যান। পরে খবর পাই তিনি স্কুল ভবনের চারতলার সিঁড়িতে অচেতন হয়ে পড়েছেন। সেখান থেকে পৌনে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু : ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে মো: রেজাউল করিস নামে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।
জানা গেছে, তিনি গতকাল উপজেলার দরাবন্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এ সময় অসুস্থ বোধ করলে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মাজরাকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।



