কুষ্টিয়ায় ভর্তুকি দিয়ে ৬৫০ টাকা কেজি গরুর গোশত বিক্রি

Printed Edition

কুষ্টিয়া প্রতিনিধি

রমজান মাসে কুষ্টিয়ায় ভর্তুকি মূল্যে ৬৫০ টাকা কেজি দরে গরুর গোশত বিক্রি করছে জেলা প্রশাসন। বাজারে যেখানে প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে, সেখানে কম দামে গোশত পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহযোগিতায় কালেক্টরেট ভবনের প্রবেশদ্বারে অস্থায়ী দোকানে প্রতি রোববার ও বৃহস্পতিবার সকাল থেকে এ বিক্রি কার্যক্রম চলছে। গরু ক্রয় থেকে জবাই, গোশত কাটা ও বিক্রি; সব প্রক্রিয়া কর্মকর্তাদের উপস্থিতিতে সম্পন্ন হচ্ছে। ক্রেতাদের দীর্ঘ লাইনের কারণে প্রতি ব্যক্তিকে সর্বোচ্চ দুই কেজি করে গোশত দেয়া হচ্ছে। দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই বিক্রি শেষ হয়ে যায়।

গোশত কিনতে আসা গৃহবধূ সালমা আক্তার বলেন, কম দামে ও চোখের সামনে কাটা গোশত পাওয়ায় আস্থা সৃষ্টি হয়েছে। নি¤œমধ্যবিত্ত আব্দুস সালাম বলেন, বাজারদরের চাপে নিয়মিত গোশত কেনা কঠিন হয়ে পড়েছিল। এই উদ্যোগে পরিবারকে অন্তত রমজানে গোশত খাওয়াতে পারছেন।

জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, কম দামে বিক্রির জন্য প্রশাসনকে ভর্তুকি দিতে হচ্ছে। জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, মানুষের কল্যাণে এ উদ্যোগ নেয়া হয়েছে। চাহিদা থাকলে ঈদ পর্যন্ত এবং প্রয়োজন হলে আরো বাড়ানো হবে।