ক্রীড়া ডেস্ক
টি-২০ বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এবার তাদের শিরোপা পুনরুদ্ধারের মিশন। এই মিশনে এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে তারা। জিতেছে ‘সি’ গ্রুপের টানা তিন ম্যাচ। স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারানোর পর কাল তারা আরো সহজ জয় পেয়েছে নেপালের বিপক্ষে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের ৮ উইকেটে করা ১৩৩ রানকে ১৫.২ ওভারে এক উইকেট হারিয়ে টপকে যায় ক্যারিবিয়ানরা। চার উইকেট নিয়ে ম্যাচ সেরা ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার জেসন হোল্ডার।
এই জেসন হোল্ডারের আগুন ঝরা বোলিংয়েই টিকতে পারেনি নেপালিরা। দিপেন্দ্র সিং আইরি ছাড়া অন্যরা সুবিধাই করতে পারেনি। টু ডাউনে নামা এই ব্যাটার ৪৭ বলে ৫৮ রান করেন। তার ইনিংসে ছিল তিনটি করে চার ও ছক্কা। ২০তম ওভারের দ্বিতীয় ওভারে আউট হন তিনি। তার সাথে সোম্পাল কামি সপ্তম উইকেটের ৫৪ রানের জুটি গড়েন। এতেই দলের স্কোর ১০০ অতিক্রম করে। চার বাউন্ডারিতে ১৫ বলে ২৬ রান করেন তিনি। এ ছাড়া ১১ করে রান গুলশান ঝাঁ ও আসিফ শেখ। ১৩ রান করেন লোকেশ বাম। হোল্ডারের চার উইকেটের পর একটি করে উইকেট নেন আকিল হোসেন , ম্যাথু ফোর্ড, শামার যোসেফ ও রোস্টন চেজ।
মনে হচ্ছিল এই রান চেজ করতে কিছুটা হলেও চাপে পড়বে ওয়েস্ট ইন্ডিজ। তবে এই রান তুলতে খুব সাবধানী ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। ৫.৩ ওভারে ব্রেন্ডন কিং ২২ রানে আউট হলেও এরপর ধীর লয়ে ব্যাট চালিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক শাই হোপ ও শিমরন হেটমেয়ার। ৪৪ বলে ৬১ রান করেন শাই হোপ। মেরেছেন পাঁচটি চার ও চারটি বাউন্ডারি। হেটমেয়ার ৩১ বলে ৪৬ রান করেন। হাঁকিয়েছেন চারটি চার ও দু’টি ছক্কা। নেপালিদের একমাত্র উইকেট শিকারি নন্দন যাদব।



