শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
মাঘের শেষে শীতের দাপট বেড়েছে দেশের অন্যতম পর্যটন এলাকা হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। শনিবার সকাল ৬টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জানুয়ারী মাস থেকেই চা-বাগান অধ্যুষিত এই অঞ্চলে তাপমাত্রা ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে।
তাপমাত্রা কমে যাওয়ায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তীব্র শীত অনুভূত হলেও বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মেলায় দিনে শীতের তীব্রতা কিছুটা কমে আসে। তবে সন্ধ্যার পর থেকে হাড় কাঁপানো শীতে মানুষ ঘরের বাইরে বের হতে হিমশিম খাচ্ছেন। এ দিকে দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ায় বাতাসে ধুলোকণার পরিমাণ বেড়ে গেছে। ফলে ঠাণ্ডাজনিত রোগ সর্দি-কাশি ও শ^াসকষ্টজনিত অ্যাজমা রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু এবং বয়স্করা।



