চকরিয়ায় স্বর্ণালঙ্কার ও টাকা লুট

Printed Edition

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের চকরিয়া পৌরসভার উকিলপাড়ায় চকরিয়া অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টুর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডাকাতদের হামলায় একজন আহত হন। গতকাল বুধবার ভোররাত ৪টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উকিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টু জানান, ঘটনার সময় তিনি, তার স্ত্রী ও দুই ছেলে বাড়িতে ছিলেন না। বাড়িতে ছিলেন তার মেয়ে ও অসুস্থ পুত্রবধূ। ভোররাতে ৫-৬ জনের একটি সশস্ত্র দল বাড়ির দ্বিতীয় তলায় উঠে জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে তার মেয়ে ও পুত্রবধূকে জিম্মি করে ঘরের আলমারিতে থাকা প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, দুই লাখ টাকার বেশি নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়। বাধা দিতে গেলে তার মেয়ে জেসমিন আক্তারকে মারধর করা হয়।

ওসি মনির হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশি তদন্ত ও অভিযান শুরু হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।