ভারতের কাছে ৩ গোলে হার বাংলাদেশের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

মালদ্বীপের বিপক্ষে আগের ম্যাচে প্রথম মিনিটেই গোল পেয়েছিলেন আনিকা রানিয়া সিদ্দিকী। গতকাল ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দেড় মিনিটের সময়ই গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন সুইডেন প্রবাসী এই স্ট্রাইকার। ভারতের ডিফেন্ডারের ভুলে বিপক্ষ গোলরক্ষককে একা পেয়ে যান তিনি; কিন্তু বল গোলরক্ষক বরাবর মেরে নষ্ট করেন বাংলাদেশকে এগিয়ে নেয়ার দারুণ সুযোগ। এরপর বলার মতো আর কোনো সুযোগই পায়নি নারী সাফের টানা দুইবারের চ্যাম্পিয়নরা; বরং ভারত চেপে ধরে মারিয়া মান্ডাদের। শেষ পর্যন্ত তাঁরা ৩-০ তে হারায় বাংলাদেশকে।

পিটার জেমস বাটলারের দলও চেষ্টা করছিল সমানতালে লড়াই করার। তবে মিডফিল্ডাররা যুৎসই কোনো পাসই দিতে পারছিলেন না। উল্টো ভুলের খেসারতে ৩৬ মিনিটে গোল হজম। মাঝমাঠ থেকে আসা লব ক্লিয়ার করতে গিয়ে সুমরা জান্নাত যে হেড করেন তা তার মাথার পেছনে লেগে গিয়ে পড়ে ফাঁকায় থাকা ভারতীয় স্ট্রাইকার পিয়ারলির পায়ে। সেখান থেকে এই ফরোয়ার্ড ডান পায়ের কোনাকুনি শটে পরাস্ত করেন মিলি আক্তারকে। ফলে প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে পড়ে আগের দুই সাফে ভারতের বিপক্ষে জেতা দলটি।

বাংলাদেশ প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে শুরু করে এবারের নারী সাফ। ভারতের গোয়ার মাওগঁাঁওর জওয়াহের লাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে আনিকা, উমেহেলা মারমা, সৌরভী আকন্দ প্রীতি ও কোহাতি কিসকু গোল করেন।

বিরতির পর বাংলাদেশ আরো ২ গোল হজম করে। এর একটি ছিল পেনাল্টি থেকে। ফলে বাংলাদেশকে এখন গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে খেলতে হবে নেপালের বিপক্ষে। কাল বাংলাদেশ দলের প্রথম একাদশে জায়গা হারান সাবেক অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি।

মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় গোল হজমের জন্য তাকে দায়ী করা হয়। আফঈদার বদলে কাল একাদশে ঢুকেছেন সুরমা জান্নাত। আফঈদার বদলে এবারের সাফে ক্যাপ্টেন্সি দেয়া হয়েছে মারিয়া মান্ডাকে। আগের ম্যাচে গোল করা উমেহেলাকেও কোচ কাল ভারতের বিপক্ষে ‘বি’ গ্রুপের এই ম্যাচে একাদশে রাখেননি। প্রথম ম্যাচে মালদ্বীপকে ১১-০ তে হারিয়েছিল ভারত।