ক্রীড়া প্রতিবেদক
টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বর্জনের ঘোষণা দিয়ে নানা চড়াই উতরাই শেষে শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে মাঠে নামল। বরাবরের মতোই হারল প্রধান প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে। এবারের হারটা এত বেশি শোচনীয় যে সাবেক পাকিস্তানি স্পিনার দানিশ কানেরিয়া বলেছেন, ‘এর চেয়ে বর্জন করাটাও কম লজ্জাজনক হতো।’
কলম্বোতে টি-২০ বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে ভারতের কাছে ৬১ রানে হারে পাকিস্তান। ম্যাচের কোনো পর্যায়েই দুই দলের লড়াই জমেনি। মাঠের বাইরের হাইপ খেলা শুরুর পর কেমন যেন বিবর্ণ হয়ে যায়। ভারতের ১৭৫ রানের জবাবে টেনেটুনে ১১৪ রান পর্যন্ত যেতে পারে পাকিস্তানিরা। মাঠে নামলেও পুরনো উত্তাপই ছিল ম্যাচে। এশিয়া কাপের ধারাবাহিকতা বজায় রেখে হাত মেলানো থেকে বিরত থাকেন ভারতের ক্রিকেটাররা।
এমন হারের পর পাকিস্তানের সমালোচনা হচ্ছে প্রবল। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাই বেশি অগ্রণী। সাবেক পাকিস্তানি ব্যাটার ও ধারাভাষ্যকার রমিজ রাজার মতে পাকিস্তানি ব্যাটারদের কোনো উন্নতি নেই, ‘আসলে এটি এক বিপর্যয়ের মতো ছিল। বিশেষ করে ব্যাটিংয়ে। ভারত গত দুই/তিন বছর ধরে পাকিস্তানের বিপক্ষে একই বোলিং আক্রমণ ব্যবহার করে আসছে এবং প্রতিবারই ব্যাটসম্যানরা অত্যন্ত সাধারণ মানের পারফরম্যান্স দেখিয়েছেন।’
পাকিস্তানি চ্যানেল এ-স্পোর্টসে দেশটির সাবেক ব্যাটার বাসিত আলি তুলোধুনো করেন পাকিস্তানি খেলোয়াড়দের। তার মতে লড়াইয়ের কোনো যোগ্যতা দেখাতে পারেনি পাকিস্তান। সেই সাথে বাবর আজমকে চারে নামানোয় তীব্র সমালোচনা করেন তিনি। পাকিস্তান গোটা ম্যাচে এত দুর্বল ক্রিকেট খেলেছে যে, অন্য দেশের বিশেষজ্ঞদেরও তা চোখে লেগেছে।
সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন মনে করেন, ‘পাকিস্তান ভারতের মতো দক্ষ দলের বিপক্ষে চাপই নিতে পারেনি। ক্রিকেট মাঠে ভারত পাকিস্তানকে আতঙ্কিত করে রাখে। ভারত খেলার সব বিভাগেই অনেক বেশি দক্ষ এবং চাপ সামলে নেয়ার ক্ষেত্রে তাদের মানসিকতা অনেক উন্নত।’
ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে বলেন, ‘এটি মোটেও সমানে সমান লড়াই ছিল না। ভারতীয় বোলাররা অনেক ভালো বল করেছেন। পিচ ব্যবহার করা জরুরি ছিল যা হার্দিক শুরুতেই করে দেখিয়েছেন। আর জাসপ্রিত বুমরাহ তো অনন্য পর্যায়ের।’
জিও-হটস্টারে সাবেক ভারতীয় পেসার ইরফান পাঠান বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে এখন আর কোনো লড়াই অবশিষ্ট নেই। আমরা এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আলোচনা করি কেবল মাঠের বাইরের উত্তাপের কারণে।’
সাবেক গতিতারকা শোয়েব আখতার ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজে কথা বলতে গিয়ে সরাসরি আক্রমণ করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে, যিনি একই সাথে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান। ‘মহসিন নাকভি ক্রিকেট সম্পর্কে কিছু জানেন না, তিনি কিভাবে পিসিবির চেয়ারম্যান হলেন? বাবর আজমের মতো একজনকে সুপারস্টার বানিয়ে দিলেন, যার ম্যাচ জয়ের সামর্থ্য নেই। অযোগ্য ব্যক্তিকে কোনো নির্দিষ্ট জায়গায় বসানো হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ।’
সমীকরণে পাকিস্তান : সুপার এইটে ওঠার পাশাপাশি টানা তৃতীয় জয়ে গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে ভারত। তাদের অর্জন পূর্ণ ৬ পয়েন্ট। এই জয়ে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের সাথে মুখোমুখি সাক্ষাতে ৮-১ ব্যবধানে এগিয়ে ভারত। প্রথম দুই ম্যাচ জিতলেও চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে বড় হারে বিপাকে পাকিস্তান। নেট রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে নেমে গেছে। টুর্নামেন্টে টিকে থাকতে আগামীকাল বুধবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্ল¬াবে নামিবিয়ার বিপক্ষে হার এড়ানোর কোনো বিকল্প নেই তাদের। সমান ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের গ্রুপ পর্বের সব ক’টি ম্যাচ খেলে ফেলেছে। নামিবিয়া শক্তিতে পিছিয়ে থাকলেও পাকিস্তান যদি সেই ম্যাচে কোনো অঘটনের শিকার হয়, তবে কপাল খুলতে পারে আমেরিকানদের।



