তরুণীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে এক তরুণীকে বিয়ের আশ্বাসে ধর্ষণ এবং সেই ঘটনা ভিডিও করে ব্ল্যাকমেইলের অভিযোগে হাসিব চৌধুরী (২১) নামে একজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে রাজধানীর লালবাগের পলাশীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গতকাল র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, ফেসবুকে পরিচয়ের মাধ্যমে ভুক্তভোগীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে হাসিব। ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি দুপুরে ঘুরতে যাওয়ার কথা বলে ফরিদপুরের একটি রেস্টুরেন্টে নিয়ে বিয়ের প্রলোভনে ওই তরুণীকে ধর্ষণ করে। এ সময় ঘটনা মোবাইলে ভিডিও ও ছবি তুলে সংরক্ষণ করে। পরে ওই ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ধারণ করা ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে গত ১১ মে ফরিদপুরের কোতোয়ালি থানায় মামলা করেন।

খিলক্ষেতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার : খিলক্ষেত এলাকা থেকে আওয়ামী মৎস্যজীবী লীগের ঢাকা মহানগর উত্তরের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ইসরাতুল আলম কিরণকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। পুলিশ জানায়, জুলাই আন্দোলনে তার বিরুদ্ধে মামলা থাকায় এতে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আদাবরে অপহরণ চক্রের ৯ সদস্য গ্রেফতার : শ্যামলী এলাকায় অপহরণ ও ছিনতাই চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। চক্রটি সাদমান সাকিব নাম এক ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীকে জিম্মি করলে ভুক্তভোগী পুলিশের পেট্রোল টিম দেখে চিৎকার দেয়। এ সময় অপহরণ চক্রের বাকি সদস্যরা পালিয়ে গেলেও মূল পরিকল্পনাকারী জাহিদকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরো আট সদস্যকে গ্রেফতার করা হয়।