নীলফামারীতে ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

Printed Edition

নীলফামারী প্রতিনিধি

উত্তরবঙ্গের চিকিৎসাসেবার মান বদলে দিতে নীলফামারীতে নির্মিত হতে যাচ্ছে এক হাজার শয্যার ‘বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’।

দুই হাজার ২৯২ কোটি টাকার এই মেগা প্রকল্পের কাজ এগিয়ে নিতে শনিবার নীলফামারীর দারোয়ানী টেক্সটাইলে প্রাথমিক সমীক্ষা শুরু করেছে চীনা প্রতিনিধিদল।

প্রতিনিধিদলের নেতা ডং লি এর নেতৃত্বে ছয় সদস্যের এই কারিগরি প্রতিনিধিদল বেলা সাড়ে ১১টায় দারোয়ানীতে পৌঁছান। তারা মূলত এই প্রকল্পের জন্য নির্ধারিত ২৫ একর জায়গার প্রাথমিক সমীক্ষা করছেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ফাতেমা তুজ জোহরা জানান, স্বাস্থ্য অধিদফতরের বাস্তবায়নে দুই হাজার ২৯২ কোটি টাকার এই প্রকল্পে চীন সরকার অনুদান হিসেবে দিচ্ছে দুই হাজার ২১৯ কোটি টাকা।

এখানে ২৫ একর জমির ওপর আধুনিক ১০ তলা হাসপাতাল ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ডরমেটরি ও আবাসিক ভবন, ডিরেক্টরস বাংলা, প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো এবং আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি স্থাপন করা হবে।

১০০০ শয্যার মধ্যে ৫০০টি থাকবে সাধারণ বেড এবং বাকি ৫০০টি হবে সম্পূর্ণ বিশেষায়িত।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, হাসপাতালে সাধারণ চিকিৎসার পাশাপাশি নেফ্রোলজি, কার্ডিওলজি, অনকোলজি, নিউরোলজি প্রভৃতি বিশেষায়িত বিভাগে চিকিৎসা সেবা দেয়া হবে। তিনি আরো বলেন, আধুনিক জরুরি বিভাগ, আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ, উন্নত ডায়াগনস্টিক সুবিধা এবং অপারেশন থিয়েটারের মাধ্যমে জটিল ও দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা নিশ্চিত করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, সিভিল সার্জন ডা: আব্দুর রাজ্জাক এ সময় উপস্থিত ছিলেন।