চট্টগ্রামে আ’লীগ অফিসে ব্যানার টাঙানোর ভিডিও ভাইরাল এনসিপির প্রতিবাদ

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলার কার্যালয়ে ব্যানার লাগানোর ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত দু’টি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে সোমবার রাতে নগরের নিউ মার্কেটের দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত কার্যালয়টিতে গিয়ে ফলকটি আর দেখা যায়নি। কার্যালয়েও তালা দেয়া ছিল। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক সেই কার্যালয়ে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা অবস্থান নেন।

ফেসবুকে ভাইরাল ৫২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি একটি ব্যানার হাতে নিয়ে কার্যালয়ের দরজার দিকে এগিয়ে যাচ্ছেন। দরজার ঠিক ওপরে ব্যানারটি সাঁটিয়ে দেন। এ সময় ভিডিও ধারণ করা ব্যক্তিকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা গেছে। ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, শুরুতে জয় বাংলা স্লোগান দেন দুই ব্যক্তি। কার্যালয়ে টাঙানো থাকা এনসিপির ব্যানার ছিঁড়ে ফেলেন তারা। তবে দু’টি ভিডিও কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার রাতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের নিচে অবস্থান করা এনসিপির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দীন প্রশ্ন তোলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। প্রশাসন থাকা সত্ত্বেও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যালয়ে ব্যানার টানানো হয় কিভাবে?

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আফতাব উদ্দিন বলেন ‘খবর পেয়ে আমরা পুলিশের একটি দল পাঠিয়েছি। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। ব্যানারও ছিল না। কক্ষগুলোতে তালা দেয়া ছিল।’

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল।