চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন বলছেন, মুক্তিযুদ্ধের প্রেরণাকে ধারণ করে একটি বৈষম্যহীন, শোষণমুক্ত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ রেখে যাওয়াই সরকারের লক্ষ্য।

বিভাগীয় কমিশনার গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা। একই সাথে দেশ রক্ষার সংগ্রামে সম্ভ্রম হারানো নারীদের প্রতি বিশেষ সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করি। তিনি বলেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যে অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আজও আমাদের অনুপ্রেরণার উৎস।

অনুষ্ঠানে উপস্থিত জীবিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভাগীয় কমিশনার তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, তাদের উপস্থিতিতে আয়োজনটি আরো গৌরবমণ্ডিত হয়েছে এবং প্রকৃতপক্ষে আয়োজকরাই তাদের মাধ্যমে সংবর্ধিত হয়েছেন।