সিভিল এভিয়েশন একাডেমির আয়োজনে এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সহযোগিতায় আইকাও স্বীকৃত ‘এভিয়েশন সিকিউরিটি ন্যাশনাল ইন্সপেক্টরস (এএসএনআই)’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল সিভিল এভিয়েশন একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো আইকাও-এর তত্ত্বাবধানে এবং তাদের মনোনীত আয়োজক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সিভিল এভিয়েশন একাডেমি এই আন্তর্জাতিক কোর্সটি পরিচালনা করছে।
দুই সপ্তাহব্যাপী এ কোর্সে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ১২ জন এভিয়েশন সিকিউরিটি ইন্সপেক্টর অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা এভিয়েশন সিকিউরিটি পরিদর্শন, তদারকি কার্যক্রম, মূল্যায়ন পদ্ধতি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো: আসিফ ইকবাল। এ ছাড়া সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী এবং আইকাও অনুমোদিত প্রশিক্ষক মোহাম্মদ আলমগীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান বেসামরিক বিমান নিরাপত্তা ব্যবস্থার ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ ও প্রশিক্ষিত ইন্সপেক্টর তৈরির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্ধারিত ‘স্ট্যান্ডার্ডস অ্যান্ড রিকমেন্ডেড প্র্যাকটিসেস (এসএআরপিএস)’ বাস্তবায়নের ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে তা উল্লেখযোগ্য অবদান রাখবে।
স্বাগত বক্তব্যে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণের মাধ্যমে দেশের বেসামরিক বিমান নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী ও কার্যকর করার ক্ষেত্রে এই কোর্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরে আইকাও প্রশিক্ষক মোহাম্মদ আলমগীর কোর্সের উদ্দেশ্য ও বিষয়বস্তু তুলে ধরে বলেন, এই কর্মসূচি ইন্সপেক্টরদের পেশাগত দক্ষতা ও তদারকি সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। বিজ্ঞপ্তি।



