বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহসভাপতি

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

আন্তর্জাতিক শ্রম সম্মেলন (আইএলসি) ২০২৬-এর সহসভাপতি হিসেবে সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

জেনেভায় গত সোমবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মাইলফলক অর্জন করেছে। আন্তর্জাতিক শ্রম সম্মেলন হলো শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রধান বৈশ্বিক ফোরাম, যা আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) দ্বারা প্রতি বছর আয়োজিত হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান সম্মেলনের সভাপতি, উরুগুয়ের শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী হুয়ান কাস্তিলো এবং অন্য দুই সহসভাপতি, যুক্তরাষ্ট্রের ক্রিস্টেন কফম্যান ও আর্জেন্টিনার জেরার্ডো মার্টিনেজের সাথে দায়িত্ব গ্রহণ করেছেন। এই নির্বাচনটি ১৮৭টি দেশের প্রতিনিধিদের দ্বারা অনুমোদিত হয়েছে, যা বৈশ্বিক শ্রম প্রশাসনে বাংলাদেশের গঠনমূলক নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাসকে প্রতিফলিত করে। মর্যাদাপূর্ণ পদটি আইএলওর গণতান্ত্রিকীকরণ, শোভন কর্মসংস্থান, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শ্রম অধিকার সুরক্ষায় বাংলাদেশের নতুন সরকারের অঙ্গীকারকে তুলে ধরে। এটি বিশ্বব্যাপী শ্রমশক্তির ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় বহুপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশের অবদানের আন্তর্জাতিক স্বীকৃতিকে প্রতিফলিত করে।