ক্রীড়া প্রতিবেদক
বেশ কয়েকবার পিছিয়ে সাউথ এশিয়ান (এসএ) গেমসের জন্য ফের নতুন দিনক্ষণ চূড়ান্ত করল আয়োজক পাকিস্তান। আগামী বছর ২৩-৩১ মার্চ এসএ গেমসের আয়োজন করতে চায় তারা। গত ২৬ জানুয়ারি উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে অনুষ্ঠিত অলিম্পিক কমিটি অব এশিয়ার (ওসিএ) জেনারেল অ্যাসেম্বলির সাইডলাইন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সেখানে দক্ষিণ এশিয়ার সাত দেশের প্রায় সব কর্তাই উপস্থিত ছিলেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক ব্রি. জেনারেল (অব:) এ বি এম শেফাউল কবির জানান, ‘আগামী বছরের ২৩-৩১ জানুয়ারি নতুন করে এসএ গেমসের সময় সূচি দিয়েছে পাকিস্তান। তাসখন্দে ওসিএ’র সাধারণ সভার সাইডলাইনে এই সিদ্ধান্ত হয়।’ ২০১৯ সালে নেপালের পর ২০২৩ সালে পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে এই গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আরও কয়েকবার তা পিছিয়ে দেয়া হয়েছিল।



