পুতিন ও শারা বৈঠক

সামরিক ঘাঁটি নিয়ে সিরিয়ার সাথে সমঝোতা চায় রাশিয়া

Printed Edition

এএফপি

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে মস্কোতে বৈঠক করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। বুধবারের এই বৈঠকে সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার কথা জানানো হয়েছিল। ক্রেমলিন চাইছে সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি বজায় রাখতে একটি চুক্তিতে পৌঁছাতে।

২০২৪ সালে আল-শারার বিদ্রোহী বাহিনীর হাতে রাশিয়ার মিত্র সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর গত অক্টোবরে পুতিন ও আল-শারার প্রথম বৈঠক হয়। ওই বৈঠকে দুই নেতা সমঝোতামূলক মনোভাব দেখান। তবে ক্ষমতাচ্যুত হওয়ার পরও আসাদ ও তার স্ত্রীকে রাশিয়ায় আশ্রয় দেয়াকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে টানাপড়েন রয়েছে। আল-শারা বারবার তাদের প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছেন।

অন্যদিকে, আল-শারা সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। মঙ্গলবার ট্রাম্প তাকে অত্যন্ত সম্মানিত নেতা বলে উল্লেখ করেন এবং বলেন, পরিস্থিতি খুব ভালোভাবে এগোচ্ছে।

আসাদ সরকারের পতনের পর মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব কমে গেছে। এই অবস্থায় পুতিন অঞ্চলটিতে রাশিয়ার সামরিক উপস্থিতি ধরে রাখতে আগ্রহী। সম্প্রতি রাশিয়া সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের কুর্দি নিয়ন্ত্রিত কামিশলি বিমানবন্দর থেকে তাদের সেনা প্রত্যাহার করেছে। ফলে এখন দেশটিতে রাশিয়ার হাতে রয়েছে শুধু ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত হিমেইমিম বিমানঘাঁটি ও তারতুস নৌঘাঁটি। সাবেক সোভিয়েত ইউনিয়নের বাইরে এগুলোই রাশিয়ার একমাত্র সামরিক ঘাঁটি।