প্রশ্ন: আমি প্রতিদিন একটি প্রশ্নের মুখোমুখি হই, আমাকে অন্য ভাইয়েরা বলে দেশে ছুটিতে কবে যাবেন, আমি বলি আমি একবারে চলে যাবো। আমাকে পরার্মশ দেয় একেবারে যাবেন না, ভুল করবেন। একেবারে গিয়ে কি করবেন? দেশের পরিস্থিতি ভালো নয়। আপনি ছুটিতে যান ৩ মাসের জন্য, বিয়ে করে আসুন। একই কথা আত্মীয়স্বজনের। দেশে এসে কি করবা, থাকো ওখানেই ভালো আছ। দেশে এসে বিয়ে করে আবার যাও। কিন্তু মা-বাবার ভিন্ন কথা। দেশে যেতে বলে আর বলে এত বেশি দরকার নেই। যা হয়েছে আলহামদুলিল্লাহ। বলে চলে আসো, উপার্জনের আল্লাহ ব্যবস্থা করে দেবেন। আমার বয়স ২৭ বছর, দীর্ঘ ৭ বছর যাবত সৌদি আরবে থাকি। আমি ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করার চেষ্টা করি। কুরআন শুদ্ধভাবে তিলাওয়াত শিখছি। ‘মাই লাইফ জার্নি উইথ কুরআন’ মুহাম্মদ আতিক উল্লাহ শায়েখের বইটি পড়ছি। আরো কিছু বই পড়েছি আলহামদুলিল্লাহ। দুই বছর ধরে একটা ভালো কোম্পানিতে আছি। এর আগে পাঁচ বছর উপার্জন কম ছিল। বর্তমানে আল্লাহ ভালো রাখছেন।
উত্তর : পিতা-মাতা যেহেতু বাড়ি থাকতে বলছেন আবার আপনি নতুন বিবাহ করবেন, তাই দেশে যদি পর্যাপ্ত হালাল রুজির ব্যবস্থা থাকে তাহলে আপনার জন্য পরামর্শ হলো দেশে থাকা। দুনিয়ার জীবনে সম্মানের সাথে চলে যাওয়ার মতো আয়-রোজগারের ব্যবস্থা থাকলে পরিবারের সাথে থাকায় উত্তম। এতে শারীরিক ও মানসিক অবস্থা ভালো থাকে। আল্লাহ তায়ালার কাছেও এটাই ভালো।
-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট



