কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজবাজার এলাকার কয়েকটি রেস্টুরেন্টে খাবারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব রেস্টুরেন্টে বিশেষ করে স্কুল-কলেজপড়ুয়া কিশোর-কিশোরীদের আনাগোনা বেড়েছে। আড়ালভিত্তিক বসার ব্যবস্থা ব্যবহার করে সেখানে অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে ‘সাফা মারওয়া’, ‘তাজমহল’ ও ‘হাইওয়ে’সহ কয়েকটি রেস্টুরেন্টের নাম উঠে এসেছে। স্থানীয়দের ভাষ্য, নির্দিষ্ট সময়ের জন্য টাকা দিয়ে সেখানে ব্যক্তিগতভাবে অবস্থানের সুযোগ দেয়া হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। পাশাপাশি আরো কিছু ছবি ও ভিডিও গণমাধ্যমকর্মীদের হাতেও এসেছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, যাচাই-বাছাইয়ে ভিডিওগুলোর সত্যতা মিলেছে। ভিডিওগুলোতে কয়েকটি রেস্টুরেন্টের ভেতরে আপত্তিকর পরিবেশ দেখা যায় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এসব ঘটনায় অধিকাংশ ক্ষেত্রেই স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের উপস্থিতি দেখা গেছে।
সম্প্রতি এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে অভিযোগ করেন, তিনি এক বান্ধবীকে নিয়ে কলেজবাজার এলাকার কয়েকটি রেস্টুরেন্টে কফি খেতে গিয়েছিলেন। কিন্তু কোথাও স্বাভাবিক পরিবেশ পাননি।
ওই পোস্টে তিনি লেখেন, ‘দুই বান্ধবী কফি খেতে গিয়েছিলাম। কিন্তু বসার মতো পরিবেশ পাইনি। স্কুল-কলেজের ছেলে-মেয়েরা এমন অবস্থায় ছিল যে আমাদেরই লজ্জা পেয়ে বের হয়ে আসতে হয়েছে।’



