সেলুনে ষাঁড়ের হানা!

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সেলুনের প্রায় প্রতিটি আসনে বসে রয়েছেন গ্রাহকেরা। প্রায় সবাই চুল কাটাচ্ছিলেন। সেখানে হঠাৎ করে ঢুকে পড়ল একটি ষাঁড়। গ্রাহকেরা তাকে দেখে আঁতকে উঠলেন। পড়ি কী মড়ি করে ছুটে বেরিয়ে যেতে লাগলেন। ষাঁড়টি অবশ্য আয়নায় নিজের রূপ দেখতেই ব্যস্ত ছিল! সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। ঘটনাটি ঘটেছে ইস্তানবুলে।

ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, সেলুনের বাইরে ঘুরে বেড়াচ্ছে একটি ষাঁড়। হঠাৎ তার কী মনে হলো, কাচের দরজা ভেঙে ঢুকে পড়ল সেলুনের ভেতরে। তাকে দেখে হকচকিয়ে গেলেন সেলুনের কর্মীসহ গ্রাহকেরা। হুড়োহুড়ি পড়ে গেল। কিন্তু ষাঁড়টি কাউকে আক্রমণ করল না। উল্টো দুলকি চালে সেলুনের ভেতরে হাঁটতে থাকল। চলার পথের মধ্যে পড়ে থাকা চেয়ারগুলো শিঙের সাহায্যে সরিয়ে নিলো। তার পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগল। দৌড়ে বেরিয়ে যাওয়া মানুষদের পেছনে ষাঁড়টিও বেরিয়ে পড়ে। মারিয়ো নাউফল নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। একদল নেটাগরিক নানা মজার মন্তব্যে মন্তব্যবাক্স ভরিয়েছেন। তবে অনেকেই সেলুনের মালিকের ক্ষতির কথা ভেবে দুঃখপ্রকাশ করেছেন।