বিনোদন প্রতিবেদক
দিনাত জাহান মুন্নী, বাংলাদেশের একজন নন্দিত সঙ্গীতশিল্পী। আধুনিক গান গেয়ে তিনি দীর্ঘদিন ধরে যেমন শ্রোতা দর্শককে মুগ্ধ করে আসছেন টিভিতে, স্টেজ-শোতে, ঠিক তেমনি সিনেমার গানে কণ্ঠ দিয়েও তিনি এই দেশের সঙ্গীতপ্রেমী শ্রোতা দর্শককে মুগ্ধ করে চলেছেন। মুন্নীর কণ্ঠে সিনেমার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘ও প্রিয় আমি তোমার হতে চাই’, ‘সব কথা বলে না হৃদয়’, ‘ভালোবাসায় বুক ভাসাইয়া’, ‘মন চায় মন চায়’, ‘এক কাপ চা’ ইত্যাদি। মুন্নী সর্বশেষ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুলের লেখা ও ইমরান মাহমুদুলের সুরে শাবনূর অভিনীত সিনেমা ‘রঙ্গনা’য় একটি গান গেয়েছিলেন। বেশ কিছু দিন বিরতির পর তিনি সুদূর যুক্তরাষ্ট্রে বসেই নতুন আরেকটি সিনেমায় গান গাইলেন। সিনেমার নাম ‘মানুষটিকে দেখ’। এটি নির্মাণ করেছেন গাজী রাকায়েত। সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড-সিআরপির অর্থায়নে এবং চারুনিড়ম অডিও ভিজ্যুয়ালও ফেস অ্যান্ড মাস্কের সহযোগিতায় অর্থায়নে ‘মানুষটিকে দেখ’ সিনেমার রাইটার এলসপেথ ওয়েলডি। অনুবাদ করেছেন হুমায়ূন ফরিদ। নির্মাতা জানান, আগামী ১৪ এপ্রিল সিনেমাটি দেশের প্রধান প্রধান সিনেমা হলে মুক্তি পাবে ‘মানুষটিকে দেখ’ সিনেমাটি। ‘সিনেমায় ‘ভালোবাসি ভালোবাসি’ শিরোনামের এই গানটি গেয়েছেন দিনাত জাহান মুন্নী। গানটি লিখেছেন ও সুর করেছেন কবির বকুল। গানটি প্রসঙ্গে মুন্নী বলেন, ‘গাজী রাকায়েত ভাইয়ের সাথে আমার কখনো দেখা হয়েছে, এটি মনে পড়ছে না। কিন্তু এই গানটি আমাকেই গাইতে হবে এমনটিই তিনি বকুলকে বলেছেন। যে কারণে সুদূর যুক্তরাষ্ট্রে থেকে গানটি প্রবল আগ্রহ নিয়ে গাইলাম। যেহেতু আমার সাথে রাকায়েত ভাইয়ের দেখা হয়নি; কিন্তু আমার নামটি তার মাথায় আছে- এ বিষয়টিই আমার কাছে বেশ বিস্ময়ের মনে হয়েছে। খুব ভালো লেগেছে গানটি গেয়ে। এখানে ইবরার টিপু ভাইয়ের হোম স্টুডিওতেই আমি ভয়েজ দিয়েছিলাম।’ মুন্নী জানালেন আগামী তিন-চার মাস পর তারই উদ্যোগে মূলত যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের সন্তানদের মধ্যে যাদের গান শেখা ও গাওয়ার আগ্রহ আছে তাদের নিয়ে বাংলাদেশের শেকড়ের গান করার উদ্যোগ নিয়েছেন তিনি। এরই মধ্যে মুন্নীর কাছেও অনেকে গান শেখেন। তারা সঠিক বাংলা না জানলে মুন্নী তাদের বিপাতে (বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস) পাঠিয়ে শুদ্ধ বাংলাও শিখিয়ে নিচ্ছেন। নিউইয়র্কে একটি বড় হলে প্রায় এক হাজার অতিথিদের উপস্থিতিতে স্পন্সর (নাম প্রকাশে অনিচ্ছুক যারা) নিয়ে এই আয়োজন সফল করা হবে।



