রমজান মাস মুসলিম উম্মাহর জন্য একটি বিশেষ মাস। এই মাসে প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখেন। রোজা শুধু ধর্মীয় বাধ্যবাধকতা নয়; এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিকভাবে দেখা গেছে, সঠিকভাবে রোজা পালন করলে হজম শক্তি বৃদ্ধি পায়, শরীরে অতিরিক্ত চর্বি কমে এবং মানসিক ধৈর্য ও মনোসংযম বাড়ে।
যদিও রোজা একটি মহান ইবাদত, তবে ভুল খাদ্যাভ্যাসে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তাই রমজান মাসে খাবারের ধরন, পরিমাণ ও সময় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইফতারে স্বাস্থ্যকর খাবার : ইফতার হলো সারাদিন রোজা রাখার পর প্রথম খাবার। এই সময়ে শরীর খুব ক্ষুধার্ত এবং পানিশূন্য থাকে। তাই সহজপাচ্য এবং পুষ্টিকর খাবার গ্রহণ করা জরুরি।
খেজুর : খেজুর হলো ইফতারের অন্যতম উপকারী খাবার। এতে প্রাকৃতিক চিনি, ফাইবার, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে। দু-তিনটি খেজুর দ্রুত শক্তি জোগায়। খেজুর খাওয়ার সাথে পর্যাপ্ত পানি পান করতে হবে। ফল ও ফলের রস : মৌসুমি ফল বা ফলের রস ভিটামিন ও খনিজ উপাদানে সমৃদ্ধ। এক গ্লাস ফলের রস শরীরকে সতেজ রাখে ও হজম শক্তি বৃদ্ধি করে। হালকা স্ন্যাকস : বুট, ছোলা, মুড়ি, দই, চিড়া ও কলা খাওয়া যেতে পারে।
মিষ্টি : সারাদিন রোজা রাখার পর মাঝে মধ্যে জিলাপি বা হালকা মিষ্টি গ্রহণ করা যায়। তবে অতিমিষ্টি বা অত্যধিক চিনি গ্রহণ এড়িয়ে চলা উচিত।
ভাজাপোড়া খাবার : রোজাদারদের প্রিয় হলেও অতিরিক্ত ভাজাপোড়া খাবার হজমে সমস্যা, অ্যাসিডিটি এবং ওজন বৃদ্ধি করতে পারে।
পরামর্শ : ইফতারে ভাজাপোড়া ও মিষ্টির পরিবর্তে ফল, দই, চিড়া ও সালাদকে অগ্রাধিকার দিন। এতে শরীরের পানি, ভিটামিন ও খনিজ উপাদান সঠিকভাবে পাওয়া যায় এবং শরীর হজমের জন্য প্রস্তুত থাকে।
সাহরিতে খাদ্যাভ্যাস : সাহরি হলো দীর্ঘ সময় রোজার জন্য শক্তি জোগানোর প্রধান খাবার। সহজপাচ্য, পুষ্টিকর এবং দীর্ঘ সময় ধরে ক্ষুধা কমানো খাবার এখানে গুরুত্বপূর্ণ।
কমপ্লেক্স কার্বোহাইড্রেট : ধীরগতিতে হজম হয় এবং সারাদিন ক্ষুধা কম অনুভূত হয়। উদাহরণ : শস্যদানা, অপরিশোধিত বা নন-রিফাইনড আটা, ঢেঁকিছাটা চাল। ভাত ও প্রোটিন : ভাতের সাথে মাছ, গোশত, ডিম বা ডাল গ্রহণ করা উচিত। ডাল হলো উদ্ভিজ প্রোটিনের উৎকৃষ্ট উৎস, এতে ক্ষতিকর চর্বি নেই।
সবজি : প্রতিটি সাহরিতে অন্তত একটি সবজি রাখা প্রয়োজন। এটি হজম শক্তি বাড়ায় এবং শরীরকে পর্যাপ্ত ভিটামিন দেয়। এড়ানো উচিত : অতিরিক্ত তেল-চর্বি, ভাজাপোড়া এবং হজমে কষ্টদায়ক খাবার। পরামর্শ : সাহরিতে চা বা অন্যান্য ক্যাফেইন জাতীয় পানীয় এড়িয়ে চলুন। চা পেশাব বাড়িয়ে শরীরের পানি ক্ষয় করে। কলা বা আঁশযুক্ত ফল যেমন বেল গ্রহণ করা যেতে পারে, কারণ এতে শক্তি, পটাশিয়াম ও ভিটামিন থাকে।
পানি গ্রহণের গুরুত্ব
রমজানে দীর্ঘ সময় উপবাসের কারণে শরীরে পানির চাহিদা বেড়ে যায়। যথেষ্ট পানি গ্রহণ করা শরীরের জন্য অত্যন্ত জরুরি। সাহরির পর : দু-চার গ্লাস পানি পান করুন। ইফতার থেকে সাহরি পর্যন্ত : সাত-আট গ্লাস পানি গ্রহণ করা উচিত। পর্যাপ্ত পানি পান করলে ডিহাইড্রেশন, অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্য কমে ও শরীর সতেজ থাকে। ঘুম ও বিশ্রাম : রোজার সময় ঘুম ও বিশ্রাম অপরিহার্য।
প্রাপ্তবয়স্কদের প্রতিদিন পাঁচ-সাত ঘণ্টা টানা ঘুম নেয়া উচিত। রাতে তারাবিহ নামাজের পর দ্রুত ঘুমানো স্বাস্থ্যকর। অতিরিক্ত বা কম ঘুম উভয়ই হজম ও শরীরের জন্য ক্ষতিকর। শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দিলে রোজা সহজভাবে পালন করা যায় এবং সারাদিন সতেজ থাকা যায়।
স্বাস্থ্য সমস্যা ও করণীয় : উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগী : রোজা রাখার আগে চিকিৎসকের পরামর্শ নেয়া আবশ্যক। ইনসুলিন ব্যবহারকারী : ইফতারের সময় প্রধান খাবার গ্রহণ করুন এবং মাঝে মধ্যে রক্তের গ্লুকোজ পরীক্ষা করুন।
ওষুধের মাত্রা : রোগ অনুযায়ী ওষুধের মাত্রা চিকিৎসকের পরামর্শে সমন্বয় করুন। এ ছাড়া, যাদের কোষ্ঠকাঠিন্য বা হজমজনিত সমস্যা আছে, তাদের বেশি আঁশযুক্ত ও হালকা ভাজা খাবার গ্রহণ করা উচিত।
লেখক : কলামিস্ট ও জনস্বাস্থ্য বিশ্লেষক



