ক্রীড়া প্রতিবেদক
বেশ কিছুদিন ধরেই জোর গুঞ্জন- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে আর থাকছেন না শন টেইট। ফলে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তার উপস্থিতি নিয়েও দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। ভারতে বেঙ্গল দলের কোচিং প্যানেলে যোগ দিতে আগ্রহী টেইট। সেই লক্ষ্যে তিনি একটি সাক্ষাৎকারেও অংশ নিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানায়, সাবেক অস্ট্রেলিয়ান গতিতারকা ইতোমধ্যেই নিজের অবস্থান সম্পর্কে বোর্ডকে অবহিত করেছেন। ফলে ৩ জুন নির্ধারিত সময়ে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে তিনি বাংলাদেশে আসবেন কি না- সেটিও এখনো স্পষ্ট নয়। এক বিসিবি কর্মকর্তা বলেছেন, ‘টেইট অস্ট্রেলিয়া সিরিজের আগে দলের সাথে যোগ দিতে আসবেন কি না, তা নিশ্চিত নই। পারিবারিক কারণ দেখিয়ে তিনি আর দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী নন।’
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সাথে চুক্তিবদ্ধ টেইট ২০২৫ সালের মে মাসে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে যোগ দেন। তার পর সফল ছিলেন নিজের ভূমিকায়। বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানার উন্নতিতে তার অবদান ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।



