ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
সরকারি অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ স্বপনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই বহিষ্কারাদেশ দেয়া হয়। গত শনিবার দুপুরে ভূঞাপুর ইউএনও মাহবুব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আবু সাঈদ স্বপনের বিরুদ্ধে ইউনিয়নের ট্যাক্সের টাকা আত্মসাৎ, ভিডব্লিউবি (ভিজিডি) কর্মসূচির ২৮৬ জন সুবিধাভোগী বাছাইয়ে অনিয়ম, টিআর-কাবিখা প্রকল্পের বরাদ্দ তসরুপ এবং কৃষি প্রণোদনা বিতরণে দুর্নীতির অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এসব কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদের ক্ষমতার অপব্যবহার ও আইনবহির্ভূত হওয়ায় স্থানীয় সরকার আইন, ২০০৯ অনুযায়ী তাকে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।



