শাহ আব্দুল হান্নানের মৃত্যুবার্ষিকী আজ

Printed Edition

সাবেক সচিব, বাংলাদেশে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থার অন্যতম রূপকার, দিগন্ত মিডিয়া করপোরেশন লিমিটেডের সাবেক চেয়ারম্যান শাহ আব্দুুল হান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। বাংলাদেশকে একটি আধুনিক গণতান্ত্রিক কল্যাণরাষ্ট্র এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান এবং আগামী প্রজন্মের রোল মডেল মনীষী শাহ আব্দুল হান্নান (১৯৩৯-২০২১) যে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন তা বাংলাদেশ ও মুসলিম উম্মাহর প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে ইসলামী চিন্তা ও দর্শনচর্চা আন্দোলন এবং এর প্রাতিষ্ঠানিক কাঠামোকে আন্তর্জাতিক জ্ঞান কাঠামোর সাথে সংযুক্তিকরণের এক পথিকৃৎ ছিলেন তিনি। তিনি বাংলাদেশের একজন প্রভাববিস্তারকারী চিন্তাবিদ, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, লেখক, সংগঠক ও দাঈ ছিলেন। তিনি ছিলেন নারীর মুক্তি ও স্বাধীনতা এবং মানবাধিকারের একজন প্রবক্তা। চিন্তাগতভাবে তিনি ছিলেন মধ্যপন্থী। তার রচিত গ্রন্থের সংখ্যা ২৫টি।

তার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহ আব্দুল হান্নান জ্ঞানচর্চা কেন্দ্র, পাইওনিয়ার, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থ্যট (বিআইআইটি)-সহ বিভিন্ন বুদ্ধিবৃত্তিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে শাহজাহানপুরে তার কবর জিয়ারত করা হবে। পাইওনিয়ার, উইটনেস, বিআইআইটি-সহ বিভিন্ন সংগঠন এই মহান মনীষীর জীবন ও কর্মের ওপর ওয়েবিনার এবং দোয়ার অনুষ্ঠান আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।