বেলকুচিতে ইসলামী আন্দোলনের ২০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

Printed Edition

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সদর ইউনিয়নের ২০ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে দলের সমর্থক ফরম পূরণ করে তারা বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেলের কাছে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত হন।

নবযোগদানের নেতৃত্ব দেন বেলকুচি সদর ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সেক্রেটারি কামাল মির্জা। তিনি ওয়ার্ড পর্যায়ের আরো ২০ নেতাকর্মীকে নিয়ে দলীয় পদ ত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

কামাল মির্জা জানান, দীর্ঘদিন সংগঠনের দায়িত্বে থাকার অভিজ্ঞতায় উপলব্ধি করেছেন, ইসলামী আদর্শ বাস্তবায়নে জামায়াতে ইসলামী সবচেয়ে সুসংগঠিত ও আদর্শিক রাজনৈতিক প্ল্যাটফর্ম। ব্যক্তিগত বিবেচনা ও দ্বীনি দায়িত্ববোধ থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের বেলকুচি উপজেলা নায়েবে আমির অধ্যাপক নুরুন-নবী সরকার, সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীমসহ অন্য নেতারা।

নেতারা নবাগত সদস্যদের স্বাগত জানান এবং তাদের সংগঠনের আদর্শ, আইন ও উদ্দেশ্য সম্পর্কে সচেতন করেন। এ ছাড়া নতুন সদস্যদের দায়িত্ববোধ জাগিয়ে তুলতে ও সংগঠনকে আরো শক্তিশালী করতে আহ্বান জানানো হয়।