নয়া দিগন্ত ডেস্ক
জামায়াতে ইসলামীতে অনেক গুপ্ত চাঁদাবাজ আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ‘সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধে জিয়া’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, ‘ওনারা (জামায়াতে ইসলামী) বড় বড় কথা বলছেন, টেলিফোনে চাঁদাবাজি হয়েছে। তো নিজেদের দিকে একবার তাঁকান। মিরসরাইয়ে ফেনী নদীর বালু তুলতে গিয়ে ধরা পড়েছিলেন জামায়াতের দুই নেতা-একজনের নাম জাহাঙ্গীর আরেকজনের নাম রবিউল। ফেনীতে মামলার থেকে অব্যাহতি দেবে বলে এক নেতা সে আবার রোকন তাদের কাছ থেকে চাঁদা নিয়েছে সেটাও পত্রপত্রিকায় এসেছে। আমি তো একটা কি দুইটা উদাহরণ দিলাম।’
তাহলে তো জামায়াত প্রশ্রয় দেয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রিজভী বলেন, ‘ধর্মের নামে রাজনীতি করেন সব নাকি পবিত্র মানুষ। ছাত্রলীগ ও আওয়ামী লীগের মধ্যে ঢুকে থেকে যেমন তারা গুপ্ত রাজনীতি করেছে, তেমনি অনেক গুপ্ত চাঁদাবাজও জামাতের মধ্যে আশ্রয় নিয়ে আছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা (জামায়াতে ইসলাম) একটা আরবি শব্দ ব্যবহার করেন। চাঁদাবাজীর ক্ষেত্রে চাঁদাবাজী না বলে আপনারা সেটাকে হাদিয়াবাজী করেন, ইয়ানতবাজী করেন। আরবি শব্দ দিয়ে ওটাকে একটা কাভার দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সেটা একটা বড় ধরনের এই হাদিয়াবাজী-ইয়ানতবাজী আপনারা কম করেন না এবং বহু জায়গায় প্রমাণ আছে যে ধমক দিয়ে থ্রেড করে করছেন আমি তো দুই তিনটার নাম মাত্র বললাম, অসংখ্য আছে ‘
রুহুল কবির রিজভী বলেন, ‘আমার কথা হলো রাজনৈতিক দলগুলোতে ঢুকে থাকতে পারে, ঢুকে যেতে পারে কিন্তু সেই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কি-না। বিএনপির মধ্যে ৫ আগস্টে এই ধরনের কিছু কর্মকা- হয়েছে আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী শক্ত হাতে শত শত নেতাকর্মীকে বহিষ্কার করেছেন, দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে; শোকজ করা হয়েছে-কেউ বাদ যায়নি। শক্তিশালী নেতা থেকে শুরু করে একবারে তৃণমূল পর্যন্ত কেউ বাদ যায়নি।’
অনুষ্ঠানে জাসাসের যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানির সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন রোকনের পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ-সম্পাদক সাঈদ সোহরাব, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, জাসাসের লিয়াকত আলী লাকি, ফরহাদ হোসেন নিয়ন, রাফিজা আলম লাকি প্রমুখ।



