এআইকে ফাঁকি নয় ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর (এআই) নজরদারি আরো জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এআইভিত্তিক ট্রাফিক মনিটরিং ব্যবস্থাকে ফাঁকি দিতে নম্বর প্লেট বিকৃত বা আড়াল করার মতো অসদুপায় অবলম্বন না করে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: আনিছুর রহমান। গতকাল দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

এই ডিএমপি কর্মকর্তা বলেন, এআই প্রযুক্তি নম্বর প্লেট শনাক্ত করে ট্রাফিক আইন বাস্তবায়নে সহায়তা করলেও নম্বর প্লেট বিকৃত বা আড়াল করা হলে তা শনাক্তকরণে জটিলতা তৈরি হয়। শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। অভিযানে যেসব যানবাহনের নম্বর প্লেট অস্পষ্ট, ভাঙা, বিকৃত কিংবা ইচ্ছাকৃতভাবে আংশিক ঢেকে রাখা হয়েছে, সেগুলোর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আনিছুর রহমান জানান, আগে শুধু নম্বর প্লেটসংক্রান্ত অপরাধে মামলা হলেও এখন থেকে চালক ও মালিক উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি ডিমেরিট পয়েন্ট পদ্ধতিতে চালকের ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কাটা হবে এবং আইন অনুযায়ী জরিমানাও করা হবে।

তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও নজরে আসে, যেখানে দেখা যায় এক মোটরসাইকেল চালক নম্বর প্লেটের শেষ তিনটি সংখ্যা ইচ্ছাকৃতভাবে ঢেকে রেখে সড়কে চলাচল করছেন। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে তদন্ত শুরু করে ডিএমপি।

তদন্তে জানা যায়, গত ১৯ মে দুপুর আড়াইটার দিকে তেজগঁাঁও থানার কাওরান বাজার ক্রসিং এলাকায় মো: লাবলু হক (৩৮) নম্বর প্লেটের শেষ তিনটি সংখ্যা সাদা স্কচটেপ দিয়ে ঢেকে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ ঘটনায় সিটি ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। পরে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৭২ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করেন।

তিনি বলেন, এআইকে ফাঁকি দেয়ার এই অভিনব কৌশল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়; মামলা দেয়া, জরিমানা করা কিংবা কাউকে শাস্তি দেয়াই আমাদের মূল উদ্দেশ্য নয়; আমাদের প্রধান লক্ষ্য হলো মানুষকে সচেতন করা, যাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে আইন মেনে চলে। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করেন, সেক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।