নয়া দিগন্ত ডেস্ক
ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল এনএস রাজা সুব্রামানি। দায়িত্ব গ্রহণের পর তিনি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর মধ্যে সমন্বয় আরো জোরদার করা, দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন এবং সামরিক আধুনিকায়নকে অগ্রাধিকার দেয়ার কথা জানিয়েছেন। দ্য হিন্দু
রাজা সুব্রামানি জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিক্ত হয়েছেন। জেনারেল চৌহান শনিবার দেশের সর্বোচ্চ সামরিক কমান্ডার হিসেবে তার মেয়াদ পূর্ণ করে দায়িত্ব ছেড়ে দেন। প্রতিরক্ষা ও কৌশলগত বিষয়ে অভিজ্ঞ এই সেনা কর্মকর্তা এর আগে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েটের (এনএসসিএস) সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ৩১ জুলাই তিনি ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ পদ থেকে অবসর নেন।
দায়িত্ব গ্রহণের পর জেনারেল সুব্রামানি বলেন, সশস্ত্র বাহিনীর রূপান্তর এবং তিন বাহিনীর মধ্যে সমন্বয় ও একীভূতকরণ জোরদারের লক্ষ্যে সাংগঠনিক সংস্কারই হবে তার প্রধান অগ্রাধিকার। সংক্ষিপ্ত এক সংবাদ বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা আমাদের সশস্ত্র বাহিনীতে দেশীয় অস্ত্রের উন্নয়ন, অন্তর্ভুক্তি এবং সমন্বয় আরো দ্রুততর করব।’



