শেষ দিনে জিসান-হৃদয়ের সেঞ্চুরি

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

গতকাল শেষ হয়েছে বিসিএল ওয়ানডে ফরম্যাটের গ্রুপ পর্বের খেলা। শেষদিনে যেখানে জয় পেয়েছে মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল। সেঞ্চুরি পেয়েছে উত্তরাঞ্চলের তৌহিদ হৃদয় ও মধ্যাঞ্চলের জিসান আলম। রাজশাহীতে বিসিএলের তৃতীয় রাউন্ডের খেলায় রান উৎসব হলো। বিসিবি নর্থ জোন ও সেন্ট্রাল জোনের খেলায় মোট রান হলো ৬৪৭। বিসিএলের ফাইনাল নিশ্চিত করেছে মধ্যাঞ্চল। এক ম্যাচ আগেই উত্তরাঞ্চল ফাইনালে উঠেছিল। আগামী ৩ মার্চ বেলা ২.৩০ মিনিটে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ।

মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল

গতকাল মধ্যাঞ্চলের জিসান আলমের সেঞ্চুরি (৯৩ বলে ১২৭) ও মোসাদ্দেক হোসেন সৈকতের ঝোড়ো ব্যাটে (৩৬ বলে ৫২) ভর করে উত্তরাঞ্চলকে চার বল হাতের রেখে দুই উইকেট হারায় তারা।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৩২২ রান করে উত্তরাঞ্চল। ৯২ রান করেন তানজিদ হাসান তামিম। এ ছাড়া ১০২ রান করেন তৌহিদ হৃদয়। মধ্যাঞ্চলের পক্ষে আবু হায়দার রনি ৫৯ রানে চার উইকেট নেন। এ ছাড়া রিপন মণ্ডল দু’টি ও তাসকিন একটি উইকেট পান।

জবাব দিতে নেমে এক প্রান্তে জিসান আলমের ব্যাটে উড়তে থাকে মধ্যাঞ্চল। তবে অন্য প্রান্তে নাঈম শেখ ও সাইফ হাসান বড় ইনিংস খেলতে পারেননি। মাহফিজুল ইসলাম রবিন ৮১ বলে ৫৪ রান করেন। শেষদিকে মোসাদ্দেক ২৬ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংসে দলকে এনে দেন জয়।

পূর্বাঞ্চল-দক্ষিণাঞ্চল

দিনের অন্য ম্যাচে অবিশ্বাস্য এক জয় পেয়েছে পূর্বাঞ্চল। ১৫ বল বাকি থাকতে দক্ষিণাঞ্চলকে মাত্র এক উইকেটে হারায় দক্ষিণাঞ্চলকে। ১৮১ রান তাড়া করতে নেমে ১৪১ রানে ৯ উইকেট হারিয়েও জয়ের স্বাদ পায় পূর্বাঞ্চল।

বগুড়ায় আগে ব্যাট করতে নেমে ৪৩.২ ওভারে ১৮০ রানে অলআউট হয় দক্ষিণাঞ্চল। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার আনিসুল ইসলাম ইমন।

জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পূর্বাঞ্চলও। শাহাদাত হোসেন দিপুর ৪২ ও মুমিনুল হকের ২৯ রানের ইনিংসের পর দলীয় ১৪১ রানে হারায় ৯ উইকেট, যার চারটি উইকেটই শিকার করেন সৌম্য সরকার। এরপর জুটি গড়ে তোলেন ১০ নম্বরে নামা হাসান মাহমুদ ও ১১ নম্বরে নামা মুশফিক হাসান।