নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে বেশকিছু দিন ধরে ব্যাটারিচালিত অটোরিকশা ধরে ডাম্পিং করছে পুলিশ। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া দরিদ্র রিকশাচালকরা। অনেকে একমাত্র পুঁজি হারিয়ে পরিবার নিয়ে পথে বসার উপক্রম হয়েছেন।
রাজধানীতে বেপরোয়া চলার অভিযোগে ব্যাটারিচালিত অটোরিকশা বেশ দুর্নাম কুড়িয়েছে। বিশেষ করে কোনো বৈধ কাগজপত্র না থাকা ও চালকদের বেপরোয়া চালানোকে অনেকে দায়ী করেন। এ পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশা) মানসম্মত মডেল তৈরির উদ্যোগ নেন। এ জন্য বুয়েটের প্রকৌশলীদের দায়িত্ব দেয়া হয়। ডিএনসিসি প্রশাসক রিকশাচালকদের প্রশিক্ষণেরও আয়োজন করেন। কিন্তু তার বিদায়ের পর বাস্তবে আর আলোর মুখে দেখেনি সেই প্রকল্প। আগের মতোই প্রধান সড়কে বড় যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলছে ব্যাটারিচালিত রিকশা। এতে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছেন পথচারী থেকে যাত্রীরা। তবে অনেকেই ব্যাটারিচালিত এ রিকশার সুবিধাও ভোগ করছেন। সিএনজিচালিত অটোরিকশার চেয়ে কম ভাড়ায় দ্রুতগতিতে গন্তব্যে পৌঁছাতে নগরবাসীর অন্যতম ভরসার বাহনও হয়ে উঠেছে এ ব্যাটারিচালিত রিকশা। আর চাহিদা থাকার কারণেই নগরীতে প্রতিনিয়ত এ রিকশার সংখ্যাও বাড়ছে। এ ছাড়া অনেক শারীরিক প্রতিবন্ধী প্যাডেল চালিত রিকশা চালাতে না পারলেও এ রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করার সুযোগ পাচ্ছেন। তবে হঠাও করেই ব্যাটারিচালিত রিকশা ধরতে পুলিশ অভিযান শুরু করায় বিপাকে পড়েছেন দরিদ্র চালকরা। আটকের পর রিকশা ডাম্পিং করায় পুঁজি হারাচ্ছেন মালিক-চালকরা। এতে অনেক দরিদ্র পরিবার আয়ের একমাত্র অবলম্বন হারিয়ে নিস্ব হওয়ার উপক্রম হয়েছেন।



