কোমির বিচার নিয়ে মার্কিন বিচার বিভাগে তোলপাড়

Printed Edition

ওয়াশিংটন পোস্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক শত্রু হিসেবে পরিচিত কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) সাবেক এক প্রধানকে বিচারের মুখোমুখি করার সরকারি উদ্যোগে মার্কিন বিচার বিভাগে তোলপাড় শুরু হয়েছে। এই পদক্ষেপের কারণে চাপের মুখে পড়ে দেশটির একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কার্যালয় থেকে বেশ কয়েকজন সরকারি কৌঁসুলি পদত্যাগে বাধ্য হয়েছেন বা তাদের বদলি করা হয়েছে। শনিবার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

নিজের নীতির সাথে সাংঘর্ষিক মামলা পরিচালনার চাপ আসতে পারে এমন আশঙ্কায় ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি অফিস ছেড়েছেন অনেক আইনজীবী। অনেকেই আবার অন্য কাজের সন্ধান করছেন। এই অস্থিরতার কারণে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ মামলাগুলোর কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে।

এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমির বিরুদ্ধে দু’টি অভিযোগ গঠন করতে সরকারি তহবিল ও তদন্তকাজে বিপুল সম্পদ ব্যয়ের মধ্যেই এই অস্থিরতা দেখা দিয়েছে। জেমস কোমি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও পরবর্তীতে ট্রাম্পের অধীনে দায়িত্ব পালন করেন। পরে ২০১৭ সালের মে মাসে তাকে বরখাস্ত করা হয়। অনেক আইন বিশেষজ্ঞ বলেন, ‘এই মামলাগুলোর তেমন কোনো ভিত্তি নেই।’ মূলত সাবেক এই এফবিআই প্রধানের প্রতি ট্রাম্পের আক্রোশ থেকেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে মনে করেন তারা। কোমির বিরুদ্ধে দ্বিতীয়বার বিচারপ্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে বিচার বিভাগ। এর ফলে তার বিরুদ্ধে ট্রাম্পের প্রচারণার নেতিবাচক প্রভাবও বাড়ছে। এতে আরো বলা হয়, ‘বিচার বিভাগের ভেতরে এখন তীব্র আতঙ্ক বিরাজ করছে। বিরোধীদের দমনে মার্কিন প্রেসিডেন্টের একগুঁয়ে মনোভাবের কারণে বিভাগের কর্মী, সম্পদ ও লক্ষ্যের ওপর যে চড়া মূল্য চোকাতে হচ্ছে, তা এর মাধ্যমে স্পষ্ট হয়েছে।’ এখন পর্যন্ত এই পদক্ষেপগুলোর আইনি ফলাফল বেশ সীমিত। ২০১৮ সালে তথ্য ফাঁসের ঘটনায় নিজের ভূমিকা নিয়ে কংগ্রেসকে বিভ্রান্ত করার অভিযোগে কোমির বিরুদ্ধে প্রথম অভিযোগপত্রটি দায়ের করা হয়েছিল।