বাংলাদেশে হালাল ট্যুরিজমের পথিকৃৎ প্রতিষ্ঠান ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড মালয়েশিয়ার পর্যটনশিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের আমন্ত্রণে মালয়েশিয়ায় অনুষ্ঠিত মুসলিম ফ্রেন্ডলি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়্যারনেস ওয়ার্কশপে অংশগ্রহণ করেছে।
ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীর নেতৃত্বে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রশাসনিক শহর পুত্রাজায়াতে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক ওয়ার্কশপে বাংলাদেশসহ বিভিন্ন প্রভাবশালী মুসলিম দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মালয়েশিয়ার ইসলামিক ট্যুরিজম সেন্টার (আইসিটি)-এর আয়োজনে ১৪ মে মিনিস্ট্রি অব ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার (মোটাক) ভবনে দিনব্যাপী এ ওয়ার্কশপ ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই ওয়ার্কশপে মুসলিম ফ্রেন্ডলি পর্যটন, হালাল হসপিটালিটি, আন্তর্জাতিক পর্যটন ব্যবস্থাপনা, শরিয়াহ-সম্মত সেবাকাঠামো এবং আধুনিক পর্যটন উন্নয়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
মালয়েশিয়ার ইসলামিক ট্যুরিজম সেন্টারের আমন্ত্রণে ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী এমপির নেতৃত্বে এই সফরে আরো আছেন- ব্যবস্থাপনা পরিচালক ডি এম ইমদাদুল হক, পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) আবু তৈয়ব রাশেদ, পরিচালক (প্রশাসন) হাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।



