বিদেশে পাঠানোর প্রলোভনে অর্থ আত্মসাৎ গ্রেফতার ২

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়া, কুয়েত ও ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনে লোক পাঠানোর নামে প্রতারণা করে সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে নুসরাত জাহান (২৮) ও মো: সোহান (২৪) নামে দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। সোমবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতার ব্যক্তিরা পল্লবী এলাকায় ‘বিএফসি গ্লোবাল কনসালটেন্সি’ নামক অফিস খুলে ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে আকর্ষণীয় বেতনে অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে কাজের সুযোগের প্রচারণা চালায়। সে সুবাদে ভুক্তভোগীরা গত ৬ মাস আগে অভিযুক্ত ব্যক্তিদের অফিসে গিয়ে তাদের সাথে অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া ব্যাপারে কথাবার্তা বলে।

এ সময় তাদের জানানো হয়, অস্ট্রেলিয়া যেতে জনপ্রতি নয় লাখ, কুয়েত যেতে ছয় লাখ এবং ইতালি যেতে ২০ লাখ টাকা এবং সার্ভিয়াতে যেতে জনপ্রতি আট লাখ টাকা দিতে হবে। এমতাবস্থায় অভিযুক্তদের সাথে চুক্তির পর ভুক্তভোগীরা কয়েকটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে সর্বমোট সাড়ে তিন কোটি টাকা দেয় এবং তিন মাসের মধ্যে বিদেশে পাঠানোর চুক্তি করে।

টাকা দেয়ার এক মাস পর ভুক্তভোগীদের ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা দেয়া হয়। এ ছাড়া ফ্লাইটের তারিখ নির্ধারণ করে ভুক্তভোগীদের কাছে বুকিং করা এয়ার টিকিট প্রদান করে এবং ফ্লাইটের তারিখ আসার এক দিন আগে বিভিন্ন অজুহাত দেখিয়ে টিকিট বাতিল হয়েছে বলে প্রতারণা করে।

অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি আরো জানান, ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। এ সংক্রান্তে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই র‌্যাব-৪ এর একটি দল জড়িত আসামিদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা সূত্রের ভিত্তিতে অভিযুক্ত দু’জনের অবস্থান শনাক্তের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হয়।