ক্রীড়া প্রতিবেদক
- বসুন্ধরা কিংস ২-০ ঢাকা আবাহনী
- রহমতগঞ্জ ১-০ মোহামেডান
- পিডব্লিউডি ১-০ ইয়ংম্যান্স
- পুলিশ ২-০ আরামবাগ
- ফর্টিস ২-০ ব্রাদার্স
জিতলেই চ্যাম্পিয়ন। ড্র করলে বাড়ত অপেক্ষা। আর হারলে অনিশ্চিয়তা। এই সমীকরণ নিয়েই গতকাল কুমিল্লা স্টেডিয়ামে ঢাকা আবাহনীর মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস। দুই দলের সামনেই ছিল শিরোপা পুনরুদ্ধারের মিশন। আবাহনীকে অবশ্য গতকাল জিতে এরপর শেষ রাউন্ডেও পয়েন্ট পেতে হতো। তবে ডরিয়েলটন গোমেজ ও সোহেল রানারা সেই পর্যন্ত কাউকে অপেক্ষায় রাখেননি। গোলশূন্য প্রথমার্ধ শেষে বিরতির পর একটি করে গোল করেন দু’জনে মিলে। এতেই আবাহনীকে ২-০ গোলে হারিয়ে এক মৌসুম পর বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা পুনরুদ্ধার করল বসুন্ধরা কিংস। সে সাথে আবাহনীর মতোই লিগে ষষ্ঠ ট্রফি জয় তাদের। অন্য দিকে হেরে এখন রানার্সআপ হওয়া নিয়েই টেনশনে আবাহনী। লিগে দ্বিতীয় স্থান ধরে রাখার জন্য শেষ ম্যাচে তাদের জিততে হবে আরামবাগের বিপক্ষে। ড্র করলেও চান্স থাকবে। যদি শেষ ম্যাচে ফর্টিস এফসি হেরে যায় পিডব্লিউডির কাছে। তবে আবাহনী যদি পরের ম্যাচে পয়েন্ট হারায় আর ফর্টিস জিতে যায় তাহলে ফর্টিসই হবে রানার্সআপ। কাল অন্য ম্যাচগুলোতে ফর্টিস ২-০তে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। ফলে ১৭ ম্যাচ শেষে সমান ৩৪ পয়েন্ট আবাহনী ও ফর্টিসের। আরেক ম্যাচে পিডব্লিউডির কাছে ০-১ গোলে হেরে নেমে গেছে ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুল। এ ছাড়া রহমতগঞ্জ ১-০ গোলে হারিয়েছে মোহামেডানকে। আর বাংলাদেশ পুলিশ ২-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। কাল হেরে এখনো শঙ্কায় ব্রাদার্স।
কুমিল্লার মাঠে দুই দলের সমর্থকরাই উপস্থিত ছিলেন। আবাহনীর সমর্থকরা বসুন্ধরাকে হারিয়ে শিরোপার ২০১৭-১৮ সালের পর ফের লিগ শিরোপা উদ্ধারে এগিয়ে যেতে চেয়েছিল। তবে তা আর হয়নি। ম্যাচের ৭৩ মিনিট পর্যন্ত আশায় ছিল মারুফুল হকের দল। ততক্ষণ পর্যন্ত ম্যাচের স্কোর ছিল গোলশূন্য। কিন্তু ৭৫ মিনিটে বক্সের মধ্যে আবাহনীর দুই খেলোয়াড় কর্তৃক ফাউলের শিকার হন ডরিয়েলটন গোমেজ। ফলে রেফারি আনিসুর রহমান সাগর পেনাল্টির নির্দেশ দেন। সেই স্পট কিক থেকে বসুন্ধরাকে এগিয়ে নেন এই ব্রাজিলের স্ট্রাইকার।
আকাশি-নীল শিবির যে এরপর ঘুরে দাঁড়াবে সেই সুযোগও দেয়নি বসুন্ধরা কিংস। ৭৭ মিনিটে বক্সের বাইরে বল পান মিডফিল্ডার সোহেল রানা। সেখান থেকে তিনি বাম পায়ে যে শট নেন তা ঠেকানোর জন্য বাম দিকে পুরো শরীর ফেলেও ব্যর্থ মিতুল মারমা। মোটামুটি তখন থেকেই শিরোপা উল্লাস শুরু করে কিংস আর্মিরা। বাকি ছিল আনুষ্ঠানিকতা। বাকি সময়ে আবাহনী সমতা আনতে ব্যর্থ হওয়ায় ২-০তে জিতেই দেশ সেরা হওয়ার উল্লাস বসুন্ধরা কিংসের। বসুন্ধরা এখন ২৩ মে নিজ মাঠে ইয়ংম্যান্সের বিপক্ষে নিয়মরক্ষার শেষ ম্যাচ খেলবে। সেই ম্যাচেই তাদের হাতে তুলে দেয়া হবে ট্রফি। বসুন্ধরা এর আগে ২০২৩-২৪ এ চ্যাম্পিয়ন হয়েছিল।
মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে বাঁচা মরার লড়াই ছিল পিডব্লিউডি ও ইয়ংম্যান্সের। টিকে থাকার আশা জিইয়ে রাখতে জিততে হতো পিডব্লিউডিকে। আর হারলে বিদায় ইয়ংম্যান্সের। এই ম্যাচে ইনজুরি টাইমে অর্থাৎ ৯৫ মিনিটে ইয়ংম্যান্সকে বিসিএলে পাঠিয়ে পিডব্লিউডির টিকে থাকার আশা বাঁচিয়ে রাখেন আবু সাঈদ। পিডব্লিউডি যদি পরের ম্যাচে জিতে যায় ফর্টিসের বিপক্ষে এবং আরামবাগ যদি হেরে যায় আবাহনীর কাছে তাহলে টিকে যাবে পিডব্লিউডি। কাল গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ ৫৫ মিনিটে রাহুল ও ৯৩ মিনিটে কাগিমুর গোলে ২-০তে হারিয়েছে আরামবাগকে। এতে ১৭ ম্যাচ শেষে পিডব্লিউডির পয়েন্ট ১৬, আরামবাগের ১৪, ইয়ংম্যান্সের ১০ ও পুলিশের ২৬। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ ১-০ গোলে হারিয়েছে মোহামেডানকে। ৮৫ মিনিটে গোলটি করেন আর্নেস্ট বোয়েটাং।
কাল হারের ফলে এখনো শঙ্কায় থেকে গেছে ব্রাদার্স। ২৩ মে আরামবাগ যদি আবাহনীর কাছে হেরে যায় তাহলে বা ড্র করে তাহলে বিএফএলে টিকে যাবে ব্রাদার্স ও পিডব্লিউডি। তবে আরামবাগ ও পিডব্লিউডি যদি জিতে যায় এবং ব্রাদার্স হেরে যায় মোহামেডানের কাছে তাহলে বিপদে পড়বে গোপীবাগের দলটি।
কিংস এরিনায় মোর্শেদ আলী ও পা ওমরের গোলে ফর্টিস ২-০ তে হারিয়েছে ব্রাদার্সকে।



