কুয়েতকে সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, কুয়েতকে যেকোনো সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত, যদি তা প্রয়োজনীয় বলে বিবেচিত হয়।

এ ছাড়া তিনি কুয়েতের সাথে পারস্পরিক সহযোগিতা এগিয়ে নিতে উচ্চ-পর্যায়ের সফর বিনিময় এবং বিদ্যমান দ্বিপীয় প্ল্যাটফর্মগুলোতে নিয়মিত বৈঠক আয়োজনের ওপর জোর দেন।

গতকাল কুয়েতের রাষ্ট্রদূত আলী থুনায়ুন আব্দুল ওয়াহাব হামাদাহ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে তার দফতরে সাক্ষাৎ করতে এলে শামা ওবায়েদ এসব কথা বলেন। এতে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে টেলিফোনে কথা বলার উদ্যোগ নেয়ায় এবং যুদ্ধের প্রাথমিক পর্যায়ে কুয়েতের প্রতি সংহতি প্রকাশ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিমন্ত্রী সঙ্ঘাতের শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। তিনি কুয়েতে বসবাসরত প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য কুয়েত সরকারকে ধন্যবাদ জানান।

শামা ওবায়েদ বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং হালাল খাদ্য খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি কুয়েতি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কের সুবিধা নেয়ার জন্য আমন্ত্রণ জানান।

রাষ্ট্রদূত হামাদাহ জাতিসঙ্ঘ ও ওআইসিসহ বিভিন্ন বহুপীয় ফোরামে কুয়েতের প্রতি বাংলাদেশের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমে কুয়েতের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত হামাদাহ কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বাংলাদেশ-কুয়েত ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করার আহ্বান জানান।