ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের ঠিক আগে উদীয়মান তারকা আইয়ুব বুয়াদ্দিকে দলে ভেড়ানোর লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেল মরক্কো। হার মানল ফ্রান্স।
ফরাসি ক্লাব এলওএসসি লিলের এই ১৮ বছর বয়সী মিডফিল্ডারকে লিগ আ’ঁর অন্যতম সেরা উদীয়মান প্রতিভা হিসেবে ধরা হয়। জন্ম ফ্রান্সে হলেও মরক্কোর হয়ে খেলার অনুমোদন দিয়েছে ফিফা। রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস চেম্বার তাদের জাতীয়তা পরিবর্তনের আবেদন অনুমোদন করেছে।
এর ফলে এখন আন্তর্জাতিক পর্যায়ে মরক্কোর জার্সিতে খেলতে আর কোনো বাধা নেই বুয়াদ্দির সামনে। এর আগে বয়সভিত্তিক পর্যায়ে ফ্রান্সের হয়ে খেললেও সিনিয়র ক্যারিয়ারের জন্য মরক্কোকেই বেছে নিয়েছেন তিনি। গত কয়েক মৌসুমে লিলের হয়ে নিয়মিত খেলে ইতোমধ্যে নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন বুয়াদ্দি। ২০২৩ সালে মাত্র ১৬ বছর বয়সে ইউরোপিয়ান প্রতিযোগিতায় অভিষেক করে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ডও গড়েন তিনি।
এদিকে দল ঘোষণা করেছে হাইতি এবং তিউনিসিয়াও। হাইতির টার্গেট সেরা ৩২-এ থাকা। আর তিউনিসিয়ার কোচ সাবরি লামুচি দল গঠনে তরুণদের অগ্রাধিকার দিয়েছেন।



