সন্তানদের যুক্তরাষ্ট্র পাঠানোর পক্ষে নই : জার্মান চ্যান্সেলর

Printed Edition

আনাদোলু

সন্তানদের শিক্ষা গ্রহণ বা কর্মসংস্থানের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পরামর্শ এখন আর দেবেন না বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। শুক্রবার তিনি তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন, দীর্ঘমেয়াদী সুযোগ-সুবিধার বিচারে জার্মানি এখন অনেক বেশি সম্ভাবনাময়।

ভুর্ৎসবুর্গে আয়োজিত এক জার্মান ক্যাথলিক সমাবেশে মের্জ বলেন, ‘আজকের দিনে আমি আমার সন্তানদের শিক্ষা বা কাজের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার সুপারিশ করব না। সেখানে এখন ভিন্নধর্মী এক সামাজিক আবহাওয়া তৈরি হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে অত্যন্ত উচ্চশিক্ষিত ব্যক্তিরাও চাকরি পেতে চরম হিমশিম খাচ্ছেন।’ এই রক্ষণশীল নেতা তরুণ অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, আন্তর্জাতিক দ্বন্দ্ব ও যুদ্ধ বিগ্রহের ফলে সৃষ্ট অর্থনৈতিক মন্দা সত্ত্বেও জার্মানির ‘সামাজিক বাজার অর্থনীতি’ এখনো শক্তিশালী সম্ভাবনা ধরে রেখেছে। এর মধ্যে রয়েছে কর্মীদের অংশগ্রহণের অধিকার এবং সব স্তরে নিজের মতামত প্রকাশের সুযোগ। তিনি আরো বলেন, ‘আমি আমাদের সবাইকে আশাবাদী হতে উৎসাহিত করতে চাই যে, অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা সফল হতে পারব। আমি ক্রমাগত বিষয়গুলো ব্যাখ্যা করার মাধ্যমে সেই চেষ্টাই করে যাচ্ছি।’ মের্জ দৃঢ়তার সাথে যোগ করেন, ‘এটি আমার দৃঢ় বিশ্বাস যে বিশ্বের খুব কম দেশই আছে যারা জার্মানির মতো বিশেষ করে তরুণদের জন্য এমন অসাধারণ সুযোগ তৈরি করে দিতে পারে।’