ক্রীড়া প্রতিবেদক
টার্গেট মাত্র ১০৪। সহজ ম্যাচটি কঠিন করে জিতল বাংলাদেশ নারী ‘এ’ দল। শেষ ওভারের নাটকীয়তায় নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্যাচটিতে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে তিন উইকেটের জয় তুলে নিয়েছে ফাহিমা খাতুনের দল। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের আরো কাছে পৌঁছাল বাংলাদেশের মেয়েরা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারায় তারা। শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের আছে সমান ২ পয়েন্ট। টেবিলের দুই ও তিনে আছে তারা। আগামীকাল নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে রান তাড়া করতে নেমে শুরুতেই বেশ চাপে পড়েছিল বাংলাদেশ। ৩.৫ ওভারে দলীয় ১১ রানেই ইসমা তানজিম, শারমিন সুলতানা ও রুবাইয়া হায়দার ঝিলিকের উইকেট হারায় তারা। এই ধাক্কা সামলে লতা মণ্ডলকে নিয়ে প্রতিরোধ গড়ে ২৬ রান করে ফেরেন শারমিন সুলতানা। ৫৪ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। লতা আউট হন ব্যক্তিগত ৩০ রানে। তাদের দায়িত্বশীল ইনিংসের পরও জয় হাতছাড়া হচ্ছিল। কিন্তু ফারজানা ইয়াসমিনের ঝড়ে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১২ রান। মায়ার করা সে ওভারের প্রথম বলে এক রান নিয়ে ফারজানাকে স্ট্রাইক দেন শরিফা খাতুন। দ্বিতীয় বলে বাউন্ডারির পর তৃতীয় বলে ছক্কা মারেন ফারজানা। শেষ তিন বলে সমীকরণ নেমে আসে এক রানে। চতুর্থ বলে সোয়ানচনরাতির হাতে ধরা পড়েন ফারজানা। তার আগে ১৫ বলে তিন চার ও এক ছক্কায় ২৩ রানের ইনিংস খেলেন। পঞ্চম বলে এক রান নিয়ে জয় নিশ্চিত করেন জান্নাতুল ফেরদৌস। ম্যাচ সেরা ফারজানা ইয়াসমিন।
আগে ব্যাট করতে নামা থাইল্যান্ডের মেয়েরা ফাহিমা, শরিফা, ফারিহা তৃষাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করাতে পারেনি। ৩৪ রান করতে ৩৮ বল খেলেন নানাপাত। ৭০ স্ট্রাইকরেটে ২৪ রান করেন নানথাকান চানথাম। এ ছাড়া ওনিচা কামচোমফু করেন ১৭ রান। বাংলাদেশের হয়ে ফাহিমা ও শরিফা দু’টি করে উইকেট নেনে। তাদের খরচ ১৬ ও ১৪ রান। তিন ওভারে পাঁচ রান দিয়ে তৃষার শিকার এক উইকেট। চার ওভারে ১৩ রান দিয়ে এক উইকেট সানজিদা আক্তার মেঘলার।
সংক্ষিপ্ত স্কোর
থাইল্যান্ড নারী দল : ২০ ওভারে ১০৩/৯ (নানাপাত ৩৪, চানথাম ২৪, শরীফা ২/১৪, ফাহিমা ২/১৬)।
বাংলাদেশ নারী ‘এ’ দল : ১৯.৫ ওভারে ১০৪/৭ (লতা ম-ল ৩০, শামীমা সুলতানা ২৬, ফারজানা ইয়াসমিন ২৩, পুথাওং ৩/২৫, মায়া ২/২১)
ফল : বাংলাদেশ তিন উইকেটে জয়ী।


